বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই বোনের মৃত্যু
নীলফামারী জেলা শহরের দক্ষিণ হারোয়া গ্রামে গতকাল রোববার দুপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ দুজন আহত হয়েছেন।
মারা যাওয়া দুই বোন হলেন, নীলফামারী শহরের দক্ষিণ হাড়োয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের স্ত্রী আলিমা আক্তার (৫০) ও তাঁর বড় বোন মৃত মজিবর রহমানের স্ত্রী জামিলা আক্তার (৬০)।
আহত দুজন হলেন, একই পরিবারের রবিউল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে রাজ বাবু (৫)। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলিমার দেবর মতিয়ার রহমান বলেন, ‘রোববার দুপুরে বাড়ির একটি ঘরে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন আলিমা আক্তার ও জামিলা আক্তার। এ অবস্থায় আমার ছোট ভাই (আলিমার অপর দেবর) রবিউল ইসলাম ও রবিউলের ছেলে রাজ বাবু এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা বিদ্যুৎস্পৃষ্ট চারজনকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলিমা আক্তার ও জামিলা আক্তারকে মৃত ঘোষণা করেন।’
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদ আলম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।
আহত অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।