বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে গতকাল সোমবার বিদ্যুতের তারে জড়িয়ে প্রণয় সাহা (৭) নামের এক ছাত্র মারা গেছে। সে ওই মহল্লার প্রশান্ত কুমার সাহার ছেলে এবং স্থানীয় সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঘটনার প্রতিবাদে এলাকার একদল লোক শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে সকাল নয়টা থেকে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। আরেক দল লোক সকাল ১০টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শৈলকুপার আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। প্রশান্ত কুমারসহ স্থানীয় কয়েকজন জানান, তিন দিন আগে ঝড়ে কবিরপুর দুর্গামন্দিরের পাশে বিদ্যুতের কয়েকটি তার ছিঁড়ে পড়ে। এলাকার লোকজন বিষয়টি জানালেও বিদ্যুৎ কার্যালয় কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল সকাল আটটার দিকে মন্দিরের মাঠে খেলা করার সময় প্রণয় ওই তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। পিডিবি শৈলকুপার আবাসিক প্রকৌশলী সাইদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, গত রোববার রাতে কোনো একসময় এ তার ছিঁড়ে পড়ে, যা তাঁদের নজরে আসেনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।