বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল দাদা-নাতির
রংপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ সোমবার রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত দুজন হলেন ওসমান গণি (৬৫) ও তাঁর নাতি ইউনুস আলী (২০)।
পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, ওসমান গণির বাড়ির পাশে গত রোববার রাতে ঝড়ের সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। কিন্তু বিষয়টি ওসমান জানতেন না। সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন তিনি। তাঁকে বাঁচাতে নাতি ইউনুস ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান।
হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।