বিদ্যুতের জন্য জমি দিতে নারাজ সিডিএ-বন বিভাগ
বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য জমি দিতে রাজি নয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বন বিভাগ। এ কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে চট্টগ্রামে বিদ্যুতের চারটি উপকেন্দ্রের নির্মাণের কাজ। নতুন সংযোগ দেওয়া ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এসব উপকেন্দ্র নির্মাণ করা জরুরি বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা।
পিডিবি সূত্র জানায়, লো-ভোল্টেজ সমস্যা দূর করা, নতুন সংযোগ দেওয়া এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে চট্টগ্রামে ১১০০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে। চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলায় ১৪টি উপকেন্দ্র তৈরি করা হবে। এর মধ্যে ১২টি তৈরি হবে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায়। প্রকল্পটি শুরু হয় ২০১৪ সালের জুলাই মাসে। ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রতিটি উপকেন্দ্র নির্মাণের জন্য ৩০ কাঠা জায়গার প্রয়োজন। ১৪টি উপকেন্দ্রের মধ্যে সাতটি তৈরি হবে পিডিবির নিজস্ব জায়গায়। আর বাকি সাতটি হবে বিভিন্ন সরকারি সংস্থার মালিকানাধীন জমিতে। এখন পর্যন্ত দুটি কেন্দ্র তৈরির জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ওয়াসা কর্তৃপক্ষের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছে পিডিবি। ওয়াসা জায়গা দিচ্ছে চট্টগ্রামের হালিশহরে আর শিক্ষা মন্ত্রণালয় খুলশীতে। এ ছাড়া নগরের মাদারবাড়ি এলাকায় পাট মন্ত্রণালয়ের কাছ থেকে প্রকল্পের জন্য জমি পাওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে সিডিএর মালিকানাধীন তিনটি জায়গা ও বন বিভাগের একটি জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পিডিবির কর্মকর্তারা জানান, সিডিএর মালিকানাধীন জায়গা তিনটি হচ্ছে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা, অক্সিজেনের অনন্যা আবাসিক এলাকা ও পটিয়ার মইজ্জ্যারটেকে কর্ণফুলী আবাসিক এলাকা। বন বিভাগের মালিকানাধীন জায়গাটি হচ্ছে ফৌজদারহাট এলাকার মাদামবিবির হাটে। উপকেন্দ্র নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির আগে মৌখিকভাবে সংস্থাগুলোকে জমি দেওয়ার বিষয়টি জানানো হয়েছিল।
জানতে চাইলে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম পিডিবির আবেদনের বিষয়ে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তাদের বরাদ্দ দেওয়ার মতো জায়গা আমাদের কাছে নেই। বিষয়টি মন্ত্রণালয়কেও লিখিতভাবে জানিয়েছি।’
জমি দেওয়ার বিষয়ে অপারগতা জানিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের চিঠি দেন চট্টগ্রাম বিভাগীয় (উত্তর) বন কর্মকর্তা এম এ খালেক খান। ওই চিঠিতে উল্লেখ করা হয়, পিডিবির চাওয়া জমিটি বন বিভাগের বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে ওই জমি অন্য কোনো সংস্থাকে অধিগ্রহণের জন্য দেওয়ার সুযোগ নেই।
পিডিবির কর্মকর্তারা বলছেন, ব্যক্তি মালিকানাধীন জায়গায় প্রকল্প করতে গেলে মামলা-মোকদ্দমাসহ নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। এসব ঝামেলা এড়ানোর জন্যই বিভিন্ন সরকারি সংস্থার জায়গা নির্বাচন করে প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হয়েছে। এখন সেসব জায়গা অধিগ্রহণ করা না গেলে প্রকল্পের বাস্তবায়ন দীর্ঘায়িত হবে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আবদুল মোত্তালিব প্রথম আলোকে বলেন, জনস্বার্থে প্রকল্পটি হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রণালয় জমি অধিগ্রহণের বিষয়টি সুরাহার চেষ্টা করছে।
পিডিবি সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বরে উন্নয়ন প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পায়। এরপর অক্টোবরে জমি অধিগ্রহণের অনুমতি চেয়ে বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের কাছে আবেদন করে পিডিবি। এর মধ্যে ১৪ অক্টোবর জমি অধিগ্রহণের অনুমতি চেয়ে প্রথম সিডিএকে চিঠি দেওয়া হয়। সাড়া না পাওয়ায় আরও দুবার চিঠি দেওয়া হয়ে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ২২ এপ্রিল গণপূর্ত মন্ত্রণালয় সিডিএর চেয়ারম্যানকে এ বিষয়ে মতামত জানানোর অনুরোধ জানায়। সিডিএ কর্তৃপক্ষ রাজি না হলেও বিদ্যুৎ মন্ত্রণালয় জমি পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বিষয়টি সুরাহার জন্য সিডিএর বোর্ড সদস্য ইউনুস গণিকে দায়িত্ব দিয়েছেন। ইউনুস গণি জানান, ১৮ জুন সিডিএর বোর্ড সভা রয়েছে। সেখানে বিষয়টি উপস্থাপন করা হবে।