বিদ্যুতের জন্য শহরের চেয়ে গ্রামে হাহাকার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিদ্যুতের জন্য শহরের চেয়ে গ্রামে হাহাকার বেশি। শহরে বিদ্যুতের লোডশেডিং বা বিভ্রাট হলে নিদেনপক্ষে অভিযোগ করা যায়। কিন্তু গ্রামে অভিযোগ করারও জায়গা নেই। সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবদুল হাই এভাবেই যুক্তি তুলে বলছিলেন বিদ্যুৎ সরবরাহে গ্রাম আর শহরের পার্থক্যের কথা। এ কথার রেশ ধরে কলেজছাত্রী দিবা বেগম বলেন, ‘দিনে বিদ্যুতের আসা-যাওয়া (লোডশেডিং) সহনীয় হয়ে গেছে। কিন্তু রাতে এ অবস্থার জন্য ঘরে ঘরে বিদ্যুতের বিকল্পব্যবস্থা রাখতে হয়। এই নিয়ে ক্ষোভ প্রশমনেও কারও সঙ্গে কথা বলারও সুযোগ নেই।’বিদ্যুৎ সরবরাহকেন্দ্র সূত্রে জানা গেছে, সিলেটে শহর ও গ্রামাঞ্চল ভেদে বিদ্যুৎ সরবরাহের মাত্রা থেকে পার্থক্য তৈরি হয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহে পিডিবির চেয়ে পল্লী বিদ্যুতে লোডশেডিং ৩০ ভাগ বেশি হচ্ছে। এর মধ্যে শহরে লোডশেডিংয়ের জন্য বিকেল পাঁচটা থেকে রাত ১১টা (পিক আওয়ার) পর্যন্ত নির্ধারণ করা। পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এ রকম কোনো সময় নির্ধারণ নেই। দিন-রাত ২৪ ঘণ্টা যখন-তখন চলে লোডশেডিং। শ্রীধরা গ্রামের হুসনারা বেগম বলেন, ‘মেঘ-তুফান নাই, তার পরও কারেন্ট থাকে না। রাইত একবার মোমবাত্তি জ্বালাই আরখবার নেভাই। কারেন্ট খালি আয় আর যায়!’পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, বিয়ানীবাজারে প্রায় তিন হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহের চাহিদা থাকে ১২ থেকে ১৪ মেগাওয়াট। এ চাহিদার মধ্যে পাওয়া যায় সাত থেকে আট মেগাওয়াট। সাবস্টেশনের মাধ্যমে সরবরাহে কিছু ঘাটতি থাকায় কোথাও ঘন ঘন লোডশেডিং করা হয়। বিয়ানীবাজারে তিন হাজার ১১৪ জন গ্রাহকের বিদ্যুৎ ঘাটতি দৈনিক তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং করে ঘাটতি মোকাবিলা করা হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।পল্লী বিদ্যুতের সিলেট-১-এর উপমহাব্যবস্থাপক এম আক্তারুজ্জামান বলেন, ‘চাহিদার তুলনায় বিদ্যুৎ প্রাপ্তির সঙ্গে মিল রেখে লোডশেডিং করতে হয়। কোনো কোনো দিন এ বিষয়টি মাত্রাতিরিক্ত হয়ে পড়ে। এ জন্য গ্রাহকেরা তখন শহরের সঙ্গে গ্রামের পার্থক্য খোঁজেন।’ সিলেট নগরের তাঁতিপাড়ার বাসিন্দা নিবাসরঞ্জন রায় জানান, শহরে ইদানীং একটি বিষয় লক্ষনীয়ভাবে দেখা যাচ্ছে। যেসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, পিডিবি সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখছে। এ প্রবণতা বেড়ে গেলে তখন গ্রাম আর শহরের অবস্থা একাকার হয়ে যাবে। পিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সরবরাহ লাইনের ত্রুটি, ট্রান্সফরমার বিকলসহ কিছু অব্যবস্থাপনা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত করছে। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহের চেয়ে সিলেটে ট্রান্সফরমার বিকল ও সরবরাহ লাইনের ত্রুটি বড় সমস্যা। ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী রতন কুমার দেব বলেন, ‘সিলেট বিভাগে বর্তমানে ২৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা। এ চাহিদার বিপরীতে মেলে ২৬০ মেগাওয়াট। ঘাটতি মাত্র ২০ মেগাওয়াট। লোডশেডিং না করে ত্রুটিপূর্ণ এলাকায় সরবরাহ বন্ধ রেখে এ ঘাটতি মোকাবিলা সম্ভব এবং পিডিবি অনেক ক্ষেত্রে তাই করছে।’ বিদ্যুৎ বিতরণ-৩-এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ঘাটতি মোকাবিলায় সিলেটের কুমারগাঁওয়ে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সাবস্টেশন থেকে আট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরবরাহ লাইনে ত্রুটির বিষয়টি চোখে পড়ছে।ট্রান্সফরমারজনিত ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়া প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য সূত্রে জানা গেছে, সিলেটের আঞ্চলিক কারখানায় প্রতি সপ্তাহে ৩০ থেকে ৪০টি ট্রান্সফরমার মেরামত করতে হয়। গত বছর প্রায় ২০০টি ট্রান্সফরমার মেরামত করা হয়েছে। এর আগের বছর ১৫৭টি মেরামত করা হয়েছিল। সংখ্যা প্রতিবছরই বেড়ে যাওয়ায় সমস্যা প্রকট হচ্ছে, অতিরিক্ত ব্যয়ও বাড়ছে।