বিদ্যুতের জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে চলে যাচ্ছে
সরকার জ্বালানি তেল আমদানির বিদ্যমান প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস তেল আমদানি পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। আর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আপাতত বার্ষিক মোট আমদানির ২৫ শতাংশ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করবে। জ্বালানি মন্ত্রণালয় ও বিপিসির সূত্রে এ খবর জানা গেছে।
বিদ্যমান প্রক্রিয়ায় বেসরকারি খাতের ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক সাতটি বিদ্যুৎকেন্দ্রের মালিকেরা বিপিসির অনুমোদন নিয়ে নিজ নিজ কেন্দ্রের জন্য ফার্নেস তেল আমদানি করেন। সরকারি-বেসরকারি অন্যান্য তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস তেলসহ সব জ্বালানি তেল আমদানি করে বিপিসি। সৌদি আরব, ইউএইসহ কয়েকটি দেশের ১৩টি রাষ্ট্রায়ত্ত কোম্পানির সঙ্গে আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করে বিপিসি এই তেল আমদানি করে।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানান, সরকার মূলত দুটি কারণে জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এক, বিদ্যুৎকেন্দ্রের জন্য বিপিসির আমদানি করা তেলের মান নিয়ে অনেক মালিকের অভিযোগ রয়েছে। ত ছাড়া, তাঁরা নিজেরা তেল আমদানি করলে তার দাম হবে প্রচলিত বাজার অনুযায়ী। ফলে তাঁদের কাছ থেকে পিডিবি কম দামে পাবে। এতে বিদ্যুৎ কেনার জন্য পিডিবির আর্থিক দায় কমবে। দ্বিতীয় কারণ, দরপত্রের মাধ্যমে আমদানিতে দাম ও পরিবহন ব্যয়ে বাড়তি সুবিধা পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা। চলতি মাসেই বিপিসি কিছু তেল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে পারে।
সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, বেসরকারি খাতের ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মালিকেরা তেল আমদানির অনুমতি চাইলে পর্যায়ক্রমে সবাইকে অনুমতি দেওয়া হবে। বিপিসির কাঁধে এই বাড়তি কাজের দায় চাপানোর কোনো দরকার নেই। আর বিপিসি আগামী বছরের চাহিদার ২০ থেকে ২৫ শতাংশ তেল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এনে দেখবে, কোনো সুবিধা পাওয়া যায় কি না।
তবে বিপিসি ফার্নেস তেল আমদানি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিরোধী। তাদের যুক্তি, বিদ্যুৎ খাতে তেলের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কয়েক বছরে বিপিসি বিপুল অর্থ ব্যয় করে তেল মজুতের সামর্থ্য বাড়িয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলোতে সময়মতো তেল পৌঁছে দেওয়ার নেটওয়ার্ক তৈরি করেছে। এখন এই দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ার কোনো দরকার নেই।
বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকায় বর্তমানে বেসরকারি মালিকদের আমদানি করা তেল দিয়ে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ছে সাত থেকে আট টাকার মধ্যে। আর বিপিসির কাছ থেকে সরকার-নির্ধারিত দামে তেল নিয়ে যারা বিদ্যুৎ উৎপাদন করছে, তাদের বিদ্যুতের দাম পড়ছে ১৪ থেকে ১৬ টাকা।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, এই অসামঞ্জস্য দূর করতেই পর্যায়ক্রমে ফার্নেস তেল আমদানি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন বেসরকারি মালিকেরা আগ্রহী হলে আগামী বছরের জুলাই থেকে হয়তো বিপিসির ফার্নেস তেল আমদানি করতে হবে না। সেই লক্ষ্যে চলতি মাসের শুরুতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন ফার্নেস তেল আমদানির একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিপিসির পরিচালক (পরিচালন ও পরিকল্পনা) মোসলেহ্ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিবছর নভেম্বর মাসে বিপিসি পরবর্তী এক বছরের বিভিন্ন প্রকার জ্বালানি তেলের চাহিদা নিরূপণ করে। এরপর দুই দফায় (ডিসেম্বর ও জুলাইতে) মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে তেল আমদানি করে। এবারও বিপিসি গত নভেম্বরে নিরূপিত বার্ষিক চাহিদা অনুযায়ী মন্ত্রিসভা কমিটির অনুমোদন চেয়েছে। কিন্তু গত ডিসেম্বরে আনা ফার্নেস তেল থেকে পিডিবি তাদের চাহিদার তুলনায় কম তেল নেওয়ায় বিপিসির কিছু তেল এখনো মজুত রয়ে গেছে। এ কারণে মন্ত্রিসভা কমিটি বিপিসির প্রস্তাব অনুমোদন না করে মজুত থাকা তেলের সঙ্গে হিসাব সমন্বয় করে আমদানির নতুন প্রস্তাব দিতে বলেছে।
মন্ত্রণালয় সূত্র বলছে, সরকার চাইছে আগামী জুলাইয়ের পর বিপিসির কাছে যেন বাড়তি ফার্নেস তেল জমা না থাকে। এতে বেসরকারি খাতে ফার্নেস আমদানি ছেড়ে দেওয়া সহজ হবে।