বিদ্যুতের টাওয়ার বিধ্বস্ত তিন উপজেলা অন্ধকারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) একটি ৩৩ কেভিএ টাওয়ার বিধ্বস্ত হয়েছে। এতে তিন উপজেলায় পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ঘটনায় গ্রাহকেরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জেলা সদর, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী বয়ে যায়। ঝড়ে বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের অন্তত ২০টি খুঁটি ভেঙে পড়ে। এর মধ্যে বেগমগঞ্জের দুর্গাপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি ৩৩ কেভিএ টাওয়ারও ভেঙে পড়ে। এ টাওয়ারের মাধ্যমে বেগমগঞ্জ গ্রিড সাবস্টেশন থেকে সেনবাগ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে তিন উপজেলাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সবুজ কান্তি আচার্য গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ভেঙে পড়া টাওয়ারের মেরামতের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতের কর্মী ও প্রকৌশলীরা কাজ করছেন। তবে মেরামতের কাজ শেষ হতে আজ শনিবার দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, ৩৩ কেভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের ওই টাওয়ারটি অনেক পুরোনো। এ ছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে টাওয়ারটি খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বৃহস্পতিবারের ঝড়ে জেলা সদর, সেনবাগ, বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অনেক গাছপালারও ক্ষতি হয়েছে। তবে কোথাও কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ঝড়ের পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। কোম্পানীগঞ্জের সিরাজপুর এলাকার এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, এমনিতে তীব্র লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ। দিনে ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। এর মধ্যে টাওয়ার ভেঙে পড়ায় মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেছে।