বিদ্যুতের টাওয়ারের অ্যাঙ্গেল চুরি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় গ্রিডের তিনটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাতটি টাওয়ার থেকে গত চার বছরে অন্তত ৪৮৫টি লোহার অ্যাঙ্গেল চুরি হয়েছে৷ এতে যেকোনো সময় কোনো টাওয়ার ধসে কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬ জেলা ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে৷
চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় গত চার বছরে অন্তত ২০টি মামলা করা হয়েছে৷ কিন্তু আজ পর্যন্ত পুলিশ চোরদের শনাক্তও করতে পারেনি এবং চুরিও বন্ধ করতে পারেনি৷
ভেড়ামারা-ফরিদপুর ১৩২ কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিদর্শক রফিজউদ্দিন মল্লিক প্রথম আলোকে বলেন, ঝড়ের গতি ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার হলে যেকোনো সময় টাওয়ারগুলো বেঁকে দুমড়ে পড়তে পারে৷ ক্ষতিগ্রস্ত একটির সঙ্গে পড়ে যেতে পারে ভালো চার-পাঁচটি টাওয়ার৷ তখন দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে৷ একই সঙ্গে খুলনা বিভাগসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬ জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে, যা মেরামত করতে ২০-২৫ দিন লাগবে৷
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও পুলিশ সূত্রে জানা যায়, ভেড়ামারার ওপর দিয়ে বাংলাদেশ-ভারত গ্রিড ৪০০ কেভি আন্তসংযোগ সঞ্চালন লাইন, ভেড়ামারা-ফরিদপুর ও ভেড়ামারা-খুলনা ১৩২ কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন চলে গেছে৷ এর মধ্যে ভেড়ামারা-খুলনা সঞ্চালন লাইনে ৭২টি টাওয়ার আছে৷ গত চার বছরে ওই লাইনের শুধু ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ গ্রামের ৪৫ নম্বর টাওয়ার থেকে আট দফায় ১৮৯টি অ্যাঙ্গেল চুরি হয়েছে৷ এর মধ্যে গত পাঁচ মাসে হয়েছে ৭৯টি৷
৪৫ নম্বর টাওয়ারের পাশেই ভেড়ামারা-ফরিদপুর সঞ্চালন লাইনের ২ নম্বর টাওয়ার৷ গত তিন বছরে পাঁচ দফায় ওই টাওয়ার থেকে ১২৩টি অ্যাঙ্গেল চুরি হয়েছে৷ একই লাইনের ৩ নম্বর টাওয়ার থেকে দুই বছরে তিন দফায় ৭৫টি ও ১ নম্বর টাওয়ার থেকে পাঁচ মাসে ৬৭টি অ্যাঙ্গেল চুরি হয়েছে৷ সর্বশেষ গত এপ্রিল মাসে এই তিনটি টাওয়ার থেকে ১০৫টি অ্যাঙ্গেল চুরি হয়েছে৷ ভেড়ামারা-ফরিদপুর সঞ্চালন লাইনে ১৪৪টি টাওয়ার আছে৷
বাংলাদেশ-ভারত গ্রিড আন্তসংযোগ প্রকল্পের ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, গত নয় মাসে ভেড়ামারার মুকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মাঠের মধ্যে ১, ২ ও ৪ নম্বর টাওয়ার থেকে ৩১টি অ্যাঙ্গেল চুরি হয়েছে৷ এভাবে চুরি হতে থাকলে বিদ্যুৎ সঞ্চালনে যেকোনো সমস্যা দেখা দিতে পারে৷
সম্প্রতি ষোলদাগ গ্রামের টাওয়ারগুলো ঘুরে দেখা গেছে, টাওয়ারগুলোর নিচের দিকে মূল অ্যাঙ্গেলের সঙ্গে লাগানো অ্যাঙ্গেলগুলো নেই৷ কয়েকটি নাট লাগানো থাকলেও কোনো অ্যাঙ্গেল নেই৷
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, একবারে এতগুলো অ্যাঙ্গেল খুলতে অনেক সময় লাগার কথা৷ স্থানীয় লোকের সহায়তা ছাড়া এত সময় ধরে চুরি করা সম্ভব নয়৷
চুরির অ্যাঙ্গেল যায় কোথায়: নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, ষোলদাগ গ্রামে বেশ কয়েকটি বালুর মহাল রয়েছে৷ বালু বহনের বড় নৌকা তৈরিতে এসব অ্যাঙ্গেল ব্যবহৃত হয়৷ তা ছাড়া এ অ্যাঙ্গেল দিয়ে রামদা, ছুরি ও ভ্যান তৈরিতে ব্যবহার করা হয়৷ ধারণা করা হচ্ছে, ওই সব তৈরির জন্য এলাকার সংঘবদ্ধ চক্র অ্যাঙ্গেল চুরির ঘটনায় জড়িত থাকতে পারে৷
এ ব্যাপারে জানতে চাইলে বাহিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ভেড়ামারা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক বলেন, ‘চুরি ঠেকাতে একজন চৌকিদার নিয়োগ দিয়েছিলাম৷ তিনিও চুরি করা শুরু করেন৷ পরে তাঁকে পুলিশেও দিই৷ চুরি বন্ধ করা যায়নি৷’
পিজিসিবির িগ্রড সংরক্ষণ বিভাগ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আনিসুর রহমান বলেন, একদিকে অ্যাঙ্গেল চুরি হচ্ছে, আরেক দিকে নতুন করে লাগানো হচ্ছে৷ একের পর এক চুরির কারণে অ্যাঙ্গেলের সরবরাহ শেষের দিকে৷ চুরি রোধে প্রশাসনসহ পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না৷
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আশীষ বিন হাসান বলেন, ‘বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে৷ জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ করছে৷’ ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা অ্যাঙ্গেল চুরিতে জড়িত কোনো ব্যক্তির নাম বলতে চান না৷ তবু এলাকার চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করা হয়েছে৷ কোনো কাজ হচ্ছে না৷