বিদ্যুতের ট্রান্সফরমারের দাবিতে জুড়ীতে সড়ক অবরোধ
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপনের দাবিতে তিনটি গ্রামের গ্রাহকেরা গতকাল সোমবার দুপুরে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কে অবরোধ সৃষ্টি করেন। স্থানীয় সাংসদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রায় আধা ঘণ্টা পর ক্ষুব্ধ গ্রাহকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।জানা গেছে, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা, কালিনগর ও গরেরগাঁও গ্রামের একাংশের প্রায় ২০০ গ্রাহক স্থানীয় কণ্ঠিনালা সেতুর কাছে স্থাপিত ১০০ কিলোভোল্ট ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎসুবিধা পান। গত ৭ জানুয়ারি হঠাৎ করে ওই ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রান্সফরমারটি মেরামতের জন্য ঢাকার টঙ্গীতে পাঠায়।সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্ষুব্ধ শতাধিক গ্রাহক কণ্ঠিনালা সেতুর কাছে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কে অবরোধ সৃষ্টি করেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের অদূরে একটি খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংসদ ঘটনাস্থলে এসে গ্রাহকদের সঙ্গে কথা বলে ট্রান্সফরমারটি দ্রুত স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।ভোগতেরা গ্রামের মুহিবুর রহমান (৩৫) ক্ষোভের সঙ্গে বলেন, ‘সামনে এসএসসি পরীক্ষা। বিদ্যুতের অভাবে এলাকার পরীক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত হচ্ছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের লোকজন ট্রান্সফরমারটি মেরামত করে আনতে গড়িমসি করছে।’জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান অবরোধের সত্যতা নিশ্চিত করেছেন।দায়িত্বে থাকা পিডিবির কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী কবির আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘এখনো ট্রান্সফরমারটির মেরামতকাজ চলছে। কাজ শেষ হলে এটি স্থাপন করে দেওয়া হবে।’