বিদ্যুতের ট্রান্সফরমারের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিদ্যুতের ট্রান্সফরমার মেরামত ও পুনঃস্থাপনের দাবিতে গতকাল শনিবার বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসী ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া বাজার এলাকায় সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে।বিদ্যুতের একটি ট্রান্সফরমার নষ্ট হওয়ার কারণে গত সাত দিন গুরুত্বপূর্ণ পাঁচগাছিয়া বাজারসহ গোটা এলাকার মানুষ অন্ধকারে থেকে অতিষ্ঠ হয়ে ওঠে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় একদল বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুতের একটি ট্রান্সফরমার পুনঃস্থাপনের দাবিতে ফেনী-নোয়াখালী সড়ক অবরোধ এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তারা সড়কের পাশের করাতকলের বড় বড় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।এতে ফেনী-নোয়াখালী, ফেনী-বসুরহাট, ফেনী-সেনবাগ, ফেনী-রায়পুর-রামগতিসহ ১৫-১৬টি রুটের যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল। পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, ফেনী থানা ও মহিপাল হাইওয়ে পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতের ট্রান্সফরমার পুনঃস্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।এলাকাবাসী ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ১৬ সেপ্টেম্বর ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় অবস্থিত বিদ্যুতের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়।ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওই বিকল ট্রান্সফরমারটি মেরামতের কথা বলে কুমিল্লায় পাঠিয়ে দেন। দুই দিন পর আবার একটি ট্রান্সফরমার স্থাপন করা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে সেটিও বিকল হয়ে যায়। ২০ সেপ্টেম্বর পিডিবির কর্মকর্তা-কর্মচারীরা নষ্ট হওয়া ট্রান্সফরমারটি আবার খুলে নিয়ে যান। তখন এলাকাবাসীকে পরদিন বিদ্যুৎ-সংযোগ প্রদানের আশ্বাস দেন পিডিবির কর্মকর্তারা।এ অবস্থায় ফেনী পিডিবির কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী বারবার এলাকাবাসীকে জিম্মি করে দফায় দফায় ঘুষ দাবি করেন। টাকা না দিলে ট্রান্সফরমার পুনঃস্থাপনে আরও কিছুদিন সময় লাগবে বলে এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয়। এ খবরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং গতকাল শনিবার বিকেলে সড়ক অবরোধ করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল আফছার সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য ফেনী পিডিবির নির্বাহী প্রকৌশলীকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।