বিদ্যুতের তার কেড়ে নিল প্রাণ
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় আজ রোববার রাতে পল্লী বিদ্যুতের সরবরাহ করা লাইনের তার ছিঁড়ে দুই ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরও নয়জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বাবু মিয়া (২২) ও তারেকুল ইসলাম (৩০)। তাঁদের গ্রামের বাড়ি উপজেলার গারাগ্রাম ইউনিয়নের খামার গারাগ্রাম এলাকায়।
স্থানীয় লোকজন বলেন, ঝড়ো হাওয়ায় আজ রাত আটটার দিকে ওই গ্রামে একটি ঘরের ওপর তার ছিঁড়ে পড়ে। পরে ঘরে আগুন ধরে যায়। তখন প্রতিবেশীরা সেখানে আগুন নেভাতে ছুটে যান। আগুন নেভানোর সময় ১১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবু মিয়া মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে তারেকুল মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, বিপ্লব, নাইম, তাহেরা বেগম, আরিফুল, শাহরিয়ার, মোসাফ আলী, মাজু, বাবু ও রত্না।
কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, আমি একজনের মৃত্যুর কথা জানি। বাকি একজনের মৃত্যুর ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
জানতে চাইলে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ইনসের আলী বলেন, বজ্রপাত ও ঝড়ো হাওয়ার কারণে সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়েছে।