বিদ্যুতের তার ছিঁড়ে পথচারী নিহত
নোয়াখালীর চাটখিল পৌর শহরের দৌলতপুর এলাকায় পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভিএ লাইনের ছিঁড়ে পড়া তারে রাস্তায় জড়িয়ে রাজিব হোসেন (২৮) নামে এক পথচারী নিহত এবং আরও চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে পৌরসভার দৌলতপুর-হালিমা দিঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. এয়াছিন, মো. কিরণ, মাহবুবুর রহমান ও নূর হোসেন। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম প্রথম আলোকে জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দৌলতপুর এলাকার ওই সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই পাঁচ ব্যক্তি। এ সময় সড়কের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের একটি তার হঠাৎ ছিঁড়ে তাঁদের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে রাজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এবং অন্যরা আহত হন।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে হতাহতের ঘটনা নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, দুর্ঘটনার পর তাঁদের উপস্থিতিতে পল্লী বিদ্যুতের লোকজন ছিঁড়ে পড়া তার মেরামত করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।