বিদ্যুতের তার ছিঁড়ে আহত আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনে। উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম গ্রামের বিপ্লব হোসেনের ঘরের ওপর পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে গত রোববার রাত আটটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় ঘটনাস্থলেই ওই গ্রামের সাজেদুর রহমান (৩০) ও হাসপাতালে নেওয়ার পথে তারিকুল ইসলামের (২৮) মৃত্যু হয়। আহত আরও ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আহত ব্যক্তিদের মধ্যে নাইম (১৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সাজেদুর একটি মসজিদে ইমামতি করতেন ও তারিকুল রংপুর কারমাইকেল কলেজ থেকে এমএ পাস করার পর চাকরি খুঁজছিলেন।
নাইম রংপুরের তারাগঞ্জের সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মো. ভুট্টোর ছেলে। সে খামার গাড়াগ্রামে নানা তহুর উদ্দিনের বাড়িতে থেকে খামার গাড়াগ্রাম উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল ইসলাম বলেন, নাইমের মৃত্যুর বিষয়টি সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন আলম নিশ্চিত করেছেন।
খামার গাড়াগ্রাম গ্রামবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির অবহেলা ও গাফিলতির কারণে রোববার রাতের ওই দুর্ঘটনাটি ঘটেছে।
নীলফামারী-৩ জলঢাকা ও কিশোরগঞ্জ আসনের সাংসদ গোলাম মোস্তফা পল্লী বিদ্যুৎ সমিতির অবহেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন।
কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ বলেন, ‘গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় সাজেদুরের বাবা জাবেদ আলী গত সোমবার একটি মামলা করেছেন।’
নীলফামারীর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মকছেমুল হাকিম বলেন, এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সেখানকার টেপার হাট অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ইনসের আলীকে গত সোমবার সাময়িক বরখাস্ত করে উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।