বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে নতুন বিদ্যুৎ-সংযোগ এসেছে এক মাসও হয়নি। সেই নতুন তারই ছিঁড়ে পড়ল। এরপর বিদ্যুতায়িত হয়ে ঝরে গেল চারটি তাজা প্রাণ। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল মঙ্গলবার ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।

নিহত চারজন একই পরিবারের সদস্য। তাঁরা হলেন উপজেলার মধ্যনগর থানাধীন চামরদানী ইউনিয়নের হাওর এলাকার রামদিঘা গ্রামের বাসিন্দা রঞ্জিত সরকার (৪৫), তাঁর স্ত্রী রিতা সরকার (৩৫), বাবা জগদীশ সরকার (৭০) ও বড় ভাই রাকেশ সরকারের মেয়ে সোনালী সরকার (১০)। সোনালী রামদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দরিদ্র কৃষক রঞ্জিত সরকার গতকাল সকাল সাড়ে আটটার দিকে নিজ ঘরের সামনে উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় উঠানের ওপর দিয়ে টানানো পল্লী বিদ্যুতের তার আকস্মিক তাঁর গায়ের ওপর ছিঁড়ে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে অন্য তিনজনও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।

গ্রামবাসীর অভিযোগ, মাত্র ২০-২২ দিন আগে পল্লী বিদ্যুতের ওই সংযোগ দেওয়া হয়। এরই মধ্যে দুর্ঘটনায় চারটি প্রাণ ঝরে গেল। সংযোগ দেওয়ার কাজে কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলে তাঁদের ধারণা।

রঞ্জিত সরকারের প্রতিবেশী মিন্টু তালুকদার বলেন, ‘আমাদের গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের যে কাজ হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। তা না হলে কোনো ঝড়-বাতাস ছাড়াই তার ছিঁড়ে পড়ল কেন?’

রঞ্জিত সরকারের ছোট ভাই রিপন সরকার বলেন, ‘পুলিশ কইছে মামলা করলে চারজনের লাশ লইয়া সুনামগঞ্জ যাইতে অইব। দুই বেলা ভালা কইর‌্যা আমরা খাইতামই হারিনা। হেরারে লইয়া হেন যাওনের টেহা হাইয়াম কই। এইডার লাইগ্যা মামলার চিন্তা বাদ দিছি।’

চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাকর তালুকদার বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দুর্ঘটনার দায় এড়াতে পারে না। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

 নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মজিবুর রহমান বলেন, দুর্ঘটনাটির কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।