বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম গ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনায় আহতদের মধ্যে তাহেরা বেগম (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাহেরা বেগম খামার গাড়াগ্রামের মহুবার রহমানের স্ত্রী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

গত ২১ আগস্ট ওই গ্রামের বিপ্লব হোসেনের ঘরের ওপর পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়লে ওই দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনায় নিহত হন ওই গ্রামের জাবেদ আলীর ছেলে সাজেদুর রহমান (৩০) এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান কফিল উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম (২৮)। আহত আরও ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ২৩ আগস্ট সকালে নাইম (১৫), ২৭ আগস্ট মোসাব আলী (৬০) ও সর্বশেষ গতকাল দুপুরে তাহেরা মারা যান। এখনো চিকিৎসাধীন আছেন বিপ্লব হোসেন (৩০), রেজাউল করিম (২৬) ও মাজু (২২)। অন্য আহত ব্যক্তিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তাহেরা বেগমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ।

 পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রমতে ঘটনার পর দায়িত্বে অবহেলার কারণে সেখানকার টেপার হাট অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া এ ঘটনায় নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ইনসের আলীকে পরদিন ২২ আগস্ট সাময়িক বরখাস্ত করে উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তদন্ত শেষে ঢাকা ফিরে ওই কমিটি উপমহাব্যবস্থাপক মকছেমুল হাকিম ও প্রকৌশলী জাহাঙ্গীর আলমকেও সাময়িক বরখাস্ত করে।