বিদ্যুতের তারে জড়িয়ে হনুমানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যুতের তারে জড়িয়ে একটি হনুমানের মৃত্যু হয়েছে। একটি ভবন থেকে অপর একটি ভবনে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতাল পাড়ার একটি ভবন থেকে একদল হনুমান অপর একটি ভবনে লাফিয়ে যাচ্ছিল। পথে একটি হনুমান বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। প্রত্যক্ষদর্শী শিক্ষক স্বপন মণ্ডল জানান, হঠাৎ শব্দ হলে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন বিদ্যুতের তারে একটি হনুমান পেঁচিয়ে রয়েছে। কিছুক্ষণ পর হনুমানটি মাটিতে পড়ে গেলে দলের অন্য হনুমানরা তাকে ঘিরে চেঁচামেচি করে শোক প্রকাশ করতে থাকে।
কেশবপুরের বন বিভাগের বন সংরক্ষক ইউনুন আলী বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে এ পর্যন্ত ২০টির মতো হনুমান মারা গেছে। হনুমানের বিচরণ এলাকা বিশেষ করে শহর এলাকায় বিদ্যুতের তার কভারিং করার জন্য বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে।
কেশবপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক বরকত উল্লাহ বলেন, কেশবপুর শহর এলাকায় তার কভারিং করা সম্ভব নয়। কারণ, অনেক টাকার ব্যাপার। তবে উপজেলা এলাকা যেখানে সাধারণত হনুমান বেশি বিচরণ করে, সেখানে তার কভারিংয়ের অনুমোদন হয়েছে। কাজ শুরু করা হবে।