বিদ্যুতের তারে জিড়য়ে এক ব্যক্তির মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে শাহিনুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হন দুই ব্যক্তি। আহত ব্যক্তিদের ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার ভোরে ভূরুঙ্গামারী উপজেলার উত্তর পাথরডুবি গ্রামে এ ঘটনা ঘটে। শাহিনুর রহমান উত্তর পাথরডুবি গ্রামের বাসিন্দা ছিলেন৷
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলা ঝড়ে হেলে পড়া একটি কলা গাছের থোড় কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শাহিনুর। তাঁকে উদ্ধার করতে গিয়ে সিরাজুল (৩৬) ও রোকসানা (৩০) আহত হন।
এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মচারী স্থানীয় লোকজনের সঙ্গে যোগসাজশ করে সেচপাম্প থেকে বিভিন্ন বাড়িতে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিয়ে অর্থ আদায় করে আসছেন। এসব বিদ্যুতের তার বিভিন্ন গাছপালা ও দুর্বল খুঁটি দিয়ে সরবরাহ করায় সামান্য ঝড়ে ছিঁড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। ফলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।