বিদ্যুতের তারে জড়িয়ে ভাইবোন পরপারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের সামনে একটি খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে মারা গেল ছোট বোনটি। বাঁচল না ভাইটিও। গতকাল বুধবার নোয়াখালীর বেগমগঞ্জের জয়কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এ জন্য বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিকে দায়ী করেছেন। কারণ, ঝুঁকিপূর্ণ খুঁটিটি সরানোর জন্য এর আগে তাঁরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বেগমগঞ্জ কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন।মৃত দুই ভাইবোন হলো জয়কৃষ্ণরামপুর গ্রামের কুয়েতপ্রবাসী সোহরাব হোসেনের ছেলে মাঈন উদ্দিন (৭) ও মেয়ে ফারহানা ইয়াসমিন (৬)। তারা দুজনই জয়কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ত।স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে ঢোকার পর মাঈন উদ্দিন অফিসকক্ষের সামনে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে টানানো তারে হাত দেয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে চিৎকার দিয়ে ওঠে। ভাইয়ের চিৎকার শুনে ছুটে যায় ছোট বোন। ভাইকে উদ্ধারের চেষ্টা করে সে। কিন্তু দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে জ্ঞান হারায়। শিক্ষকেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিহতদের পরিবার ও স্থানীয় লোকজনের অনুরোধের পরিপ্রেক্ষিতে লাশ দুটির ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।বেগমগঞ্জ বিউবোর আবাসিক প্রকৌশলী নুরুদ্দীন আহাম্মদ জানান, শিগগিরই খুঁটিটি সরানোর আশ্বাস দেন তিনি।