বিদ্যুতের তারে জড়িয়ে শিশু দগ্ধ, কাটতে হলো দুই পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফাতের বাবা শ্রমিক মফিজ হাওলাদার বলেন, ‘এ পর্যন্ত সাত লাখ টাকা খরচ হয়েছে। আমি গরিব মানুষ। তাকে বাঁচাতে এখন টাকা  পাব কই?’
ইফাতের বাবা শ্রমিক মফিজ হাওলাদার বলেন, ‘এ পর্যন্ত সাত লাখ টাকা খরচ হয়েছে। আমি গরিব মানুষ। তাকে বাঁচাতে এখন টাকা পাব কই?’

ইফাত হাওলাদার (১২) গত ১৯ মার্চ আত্মীয়ের জন্য ক্লিনিকে খাবার নিয়ে গিয়েছিল। ক্লিনিকের ভবনঘেঁষে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সে আহত হয়। সে এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ইফাত নড়াইলের লোহাগড়া পৌর এলাকার মাশাঘুনি গ্রামের পরিবহন মেরামতশ্রমিক মফিজ হাওলাদারের ছেলে। সে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ইতিমধ্যে তার দুটি পা কেটে ফেলা হয়েছে। অস্ত্রোপচার করতে হবে গলায় ও মাথায়। এ জন্য অনেক টাকা দরকার। এত টাকা তার বাবার নেই।
স্বজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, লোহাগড়া বাজারের কুন্দশী চৌরাস্তায় মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি আত্মীয়ের জন্য খাবার নিয়ে যায় ইফাত। ক্লিনিকটির দোতলার ছাদের তিন ফুট ওপর দিয়ে গেছে বিদ্যুতের তার। এই ছাদে গিয়ে তারের সঙ্গে জড়িয়ে যায় ইফাত। এতে তার সারা শরীর পুড়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে নেওয়া হয় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ইফাতের বাবা মফিজ হাওলাদার বলেন, ‘ঢাকা মেডিকেলে ১১ দিন চিকিৎসার পর ভারতে যাওয়ার উদ্দেশ্যে যশোরে চলে আসি। এ সময় শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ইফাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করি। এখানে ৫ এপ্রিল তার দুটি পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। তার গলা ও মাথায়ও অস্ত্রোপচার করতে হবে। এ পর্যন্ত সাত লাখ টাকা খরচ হয়েছে। আমি গরিব মানুষ। খেটে সংসার চালাই। তাকে বাঁচাতে এখন টাকা পাব কই?’
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদউদ্দীন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার আরও অস্ত্রোপচার করতে হবে।
ইফাতের খালু হাবিবুল বাশার বলেন, ৩৩ হাজার ভোল্টের লাইনের পাশে ভবনটি তৈরি করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ রকম দুর্ঘটনা সেখানে আরও ঘটতে পারে। ওই ভবনটির মালিক লুৎফুল করিম চিকিৎসার জন্য ১ লাখ ৯০ হাজার টাকা দিয়েছেন।
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নড়াইল অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দিলীপ কুমার বাইন বলেন, যখন ওই ভবন নির্মাণ হয়, তখন ভবনের মালিক এবং পৌরসভাকে লিখিতভাবে ৩৩ হাজার ভোল্টের লাইন সম্পর্কে সতর্ক করা হয়েছিল।
ভবনটির মালিক লুৎফুল করিম বলেন, এ ভবনের জন্য পৌরসভার অনুমোদন আছে। এটি নিছক দুর্ঘটনা। দুর্ঘটনা যেকোনো কারণেই ঘটতে পারে।
লোহাগড়া পৌরসভার সহকারী প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, ওই ভবনের ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলার জন্য চিঠি দেওয়া হবে।