বিদ্যুতের তারে স্পর্শ গ্যাস পাইপ বিস্ফোরণে নিহত ১
বগুড়া শহরের নারুলী এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গ্যাস পাইপলাইন বিস্ফোরিত হয়ে রাসেল মিয়া (২০) নামে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় সুজন (১৮) নামে অপর শ্রমিক গুরুতর আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে নারুলী এলাকার বলাকা মেশিনারি স্টোরের বিভিন্ন সরঞ্জাম খালাস করার জন্য কয়েকজন শ্রমিক একটি কপিকল (মালামাল তোলার জন্য ব্যবহূত যন্ত্র) নিয়ে আসে। মাল ওঠানো-নামানো করার সময় হঠাৎ কপিকলের লোহার পাইপের সঙ্গে বিদ্যুৎ তারে স্পর্শ হয়।এদিকে, কপিকলের নিচের অংশটি মাটির সামান্য নিচে থাকা গ্যাস লাইনের সঙ্গে লেগে থাকায় বিদ্যুতায়িত হয়ে গ্যাস পাইপে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সেখানে কর্মরত দুজন শ্রমিক গুরুতর দগ্ধ হন। তাঁদের দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাসেল মারা যান। রাসেল বগুড়ার কাহালু উপজেলার সোনা মিয়ার ছেলে। নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল আজিজ মণ্ডল জানান, দ্রুত ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান গ্যাস পাইপে আগুন জ্বলছে। দমকল বাহিনী ও গ্যাস অফিসে খবর দেওয়া হয়। দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ওই সড়কে এক ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাক আহমেদ জানান, সুজন নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।