বিদ্যুতের তারে 'আটকে' আছে পদচারী-সেতু

‘২০১২ সালে যখন দশম শ্রেণিতে পড়ি, তখন দেখেছি বড় বড় লোহার খণ্ড রাস্তার পাশে রাখা। সে সময় চলছিল ওভারব্রিজটির কাজ। এত বছরেও এর কাজটা শেষ হয়নি।’
ধানমন্ডির সাতমসজিদ রোডের শংকর বাসস্ট্যান্ডে নির্মাণাধীন পদচারী-সেতু সম্পর্কে বলছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল কাফি। পদচারী-সেতুটি আংশিক তৈরি অবস্থায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। জানা গেছে, সেতু ঘেঁষে যাওয়া বৈদ্যুতিক তারের কারণে কাজ শেষ করা যায়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র জানায়, সিটি করপোরেশন ভাগ হওয়ার আগে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) পদচারী-সেতুটি নির্মাণের কাজ শুরু করে। সেতুটির আংশিক কাজ করার পর দেখা যায়, পদচারী-সেতুর সঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ সঞ্চালন লাইন লেগে যাচ্ছে। বিষয়টি নির্মাণশ্রমিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এ কারণে মাঝপথে পদচারী-সেতুর কাজ থেমে যায়।
ডিএসসিসির অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী মুন্সি আবুল হাসেম বলেন, ‘ফুটওভার ব্রিজটির ওপর উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তার আছে। এই তারের কারণে এই ফুটওভার ব্রিজ দিয়ে যাওয়া ও কাজ করা শ্রমিকদের জন্য ঝুঁকিপূর্ণ। এই হাই ভোল্টেজ তার সরিয়ে নিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা ডিপিডিসিকে চিঠি দিয়েছি (সিটি করপোরেশন ভাগ হওয়ার পর)। তারা তার সরানোর জন্য সিটি করপোরেশনের কাছ থেকে ফি হিসেবে ৩৬ লাখ টাকা চেয়েছে। সিটি করপোরেশন ভাগ হওয়ার পর ডিএসসিসির আর্থিক সংকট ছিল। এ কারণে তারা টাকাটা দিতে পারেনি, তাই তারও সরানো হয়নি।’
বিদ্যুতের তার আগে থেকেই ছিল। সেই তার না সরিয়ে পদচারী-সেতু তৈরির কারণ সম্পর্কে জানতে চাইলে মুন্সি আবুল হাসেম বলেন, পদচারী-সেতুটি বর্তমান জায়গার আরও উত্তর দিকে নির্মাণ করার কথা ছিল। কিন্তু পরে সেতুর স্থান পরিবর্তন করা হয়। তিনি আরও বলেন, ‘এখন আমাদের একটি মেগা প্রকল্প চালু আছে। এই প্রকল্পের মাধ্যমে এই তার সরানোর কাজ করা হবে। পুরো কাজটি প্রক্রিয়াধীন আছে। আশা করছি এক বছরের আগেই ব্রিজের কাজ হয়ে যাবে। ফুটওভারব্রিজটা ওখানেই থাকবে, ডিপিডিসি নিজেদের সুবিধামতো বিদ্যুতের তার শিফট করবে।’
এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ধানমন্ডি অঞ্চলের নির্বাহী প্রকৌশলী অনিল দেব রায় বলেন, ‘বিদ্যুতের তার সরানোর জন্য ডিএসসিসি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কাজ করব। বৈদ্যুতিক তার সরাতে গেলে একটা খরচ থাকে। যে বিভাগ এই কাজটা করবে তাদের খরচটা দিতে হবে।’ তিনি বলেন, ‘পদচারী-সেতুটির কাজ যখন শুরু হয়, তখন আমি এই অঞ্চলে ছিলাম না। সে সময় কী কথা হয়েছে তা জানি না। এ বিষয়ে খোঁজ নেব। সিটি করপোরেশনের পক্ষ থেকে যোগাযোগ করে কাজটা করা হবে।’
এদিকে ব্যস্ত ওই এলাকায় পদচারী-সেতু না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। শংকর প্লাজার সামনের আল আমিন বুক স্টলের মালিক আমির হোসেন বলেন, ‘সকালবেলা এই পথে খুবই ভিড় থাকে। ওই পাশে কয়েকটা হাসপাতাল আর এই পাশে স্কুল ও বিশ্ববিদ্যালয় আছে। রাস্তায় গাড়িও বেশি থাকে। এই পথ দিয়ে রাস্তা পার হতে অনেক ঝুঁকি নিতে হয়। নিজের চোখে এক নারীকে বাচ্চাসহ দুর্ঘটনায় পড়তে দেখেছি।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাম্পিয়া আক্তার বলেন, পদচারী-সেতুটি থাকলে রাস্তা পারাপারে তাঁদের সুবিধা হতো।