বিদ্যুতের তিন খুঁটি ঘেঁষে ভবন, বারবার দুর্ঘটনা

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়কের পাশে ৩৩ কেভির বিদ্যুতের তিনটি খুঁটি। খুঁটিগুলো ঘেঁষেই গড়ে উঠেছে অনুমোদনহীন তিনতলা ভবন। গত তিন বছরে এই ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন অন্তত পাঁচজন। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। সর্বশেষ গত বুধবার এই ভবনের ছাদে উঠে ছবি তুলতে গিয়ে গুরুতর আহত হন প্রথম আলোর আলোকচিত্রী জাহিদুল করিম।
গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, চান্দনা ঈদগাহ ও মসজিদ কমিটি তিনতলা ভবন করে মার্কেট (বিপণিবিতান) হিসেবে পজেশন বিক্রি করে। গুরুত্বপূর্ণ ওই জায়গায় ভবন না করার জন্য পৌরসভা থেকে (বর্তমান সিটি করপোরেশন) কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ চিঠি আমলে নেয়নি।
চান্দনা চৌরাস্তায় দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা আতাউর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘গত সাত মাসে ওই ভবনের ছাদে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু আমি দেখেছি।’
বিপণিবিতানের নিচতলার ফুলের দোকানি মাকছুদ আলম বলেন, ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেকে নিচে পড়ে মারা গেছেন। মিন্টু টেলিকমের মালিক মামুন অর রশিদ বলেন, ‘গত কয়েক বছরে আমি ১৫-১৬টি দুর্ঘটনা দেখেছি। এর মধ্যে পাঁচজন আমার চোখের সামনেই মারা গেছেন। এ কারণে এলাকাবাসী এই জায়গার নাম দিয়েছেন ‘মরণখুঁটি’।’
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আকবর আলী বলেন, ‘মার্কেট ভবন নির্মাণের জন্য আমাদের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়নি।’
চান্দনা ঈদগাহ ও মসজিদ কমিটির সহসভাপতি মোজামেঞ্চল হক সরকার দাবি করেন, পৌরসভা থেকে অনুমোদন নিয়ে তাঁরা মার্কেট করেছেন। তবে তিনি অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণে বিভিন্ন সময় আমরা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কাছে ওই অ্যাঙ্গেলসহ বৈদ্যুতিক তার সরানোর আবেদন করেছিলাম। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি।’
তবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক খালেদুল ইসলাম বলেন, ‘কমিটির পক্ষ থেকে আমরা কোনো চিঠি পাইনি। আর ব্রিটিশ আমলের ওই খুঁটিগুলো সরানো সম্ভব নয়। এখান দিয়ে ৩৩ কেভির লাইন গাজীপুর হয়ে কোনাবাড়ী সাব-স্টেশনে গেছে। এখানকার বিদ্যুতের লাইন খুবই শক্তিশালী।’
সরকারি নথিপত্র ঘেঁটে ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চৌরাস্তা এলাকার জনৈক হাজি সবেদুল্লাহ সরকারসহ কয়েকজন ওই জমি মসজিদ ও ঈদগাহর জন্য দান করেন। ওই ঈদগাহ মাঠের কমিটি সেখানে অস্থায়ী একতলা ভবন করে ভাড়া দেয়। পরে ইউনিক প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান থেকে পাঁচতলা ভবনের নকশা করা হয়। এরপর একতলার কাজ শেষ করেই দোকান বিক্রি করে দেওয়া হয়। একেকটি দোকান ১০ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, ভবনের দোতলা ও তৃতীয় তলার নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজন শ্রমিক আহত হন। তখন কিছুদিন কাজ বন্ধ ছিল। পরে কর্তৃপক্ষ প্রভাব খাটিয়ে বিদ্যুৎ লাইন সারা দিন বন্ধ রেখে ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে।
ভবন নির্মাণের সময় গাজীপুরের সাংসদ আ ক ম মোজামেঞ্চল হককে চিঠি দেন গাজীপুর পৌরসভার দুই নির্বাহী প্রকৌশলী আকবর হোসেন ও সহকারী প্রকৌশলী মজিবুর রহমান। ২০১১ সালের ৬ জুলাই দেওয়া ওই চিঠিতে বলা হয়, ‘ভবনে অতিরিক্ত দোকান করার জন্য নকশাবহির্ভূতভাবে দক্ষিণ দিকে অতিরিক্ত জায়গা নেওয়া হয়েছে। ছাদে ঠিকমতো ভিত দেওয়া হয়নি। সংশ্লিষ্ট প্রকৌশলীর মতামত ছাড়াই অনেক কলাম পরিবর্তন করা হয়েছে।’
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি সাহাবুদ্দিন আহমেদ বলেন, প্রকৌশলী পাঠিয়ে ভবনটির বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।