বিদ্যুতের দাবিতে আ.লীগের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সাবাজারের উখিয়া উপজেলায় বিদ্যুতের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই দাবিতে লক্ষ্মীপুরে রায়পুর-ঢাকা আঞ্চলিক সড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা। উখিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর স্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বাদশা মিয়া চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিকদার, জেলা ছাত্রলীগের সহসভাপতি মুজিবুল হক, গফুর মিয়া চৌধুরী, রাসেল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, প্রচণ্ড গরমের মধ্যে চার-পাঁচ ঘণ্টা করে দৈনিক তিন-চারবার লোডশেডিং করা হচ্ছে। এতে সোনারপাড়ার চিংড়ি উৎপাদনের কয়েকটি হ্যাচারি বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্র চালানো সম্ভব হচ্ছে না। ফলে পুরো উপজেলায় চার হাজার একর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই লোডশেডিং বন্ধের দাবিতে রাস্তায় নামতে হয়েছে। বক্তারা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বিরোধী দলের কর্মসূচি (এজেন্ডা) বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে টানা লোডশেডিং করে যাচ্ছেন। এতে একদিকে জন-অসন্তোষ দেখা দিচ্ছে, অন্যদিকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।আওয়ামী লীগের নেতাদের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ‘পুরো উপজেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা সাত মেগাওয়াট। কিন্তু পাচ্ছি মাত্র দুই থেকে তিন মেগাওয়াট। তাই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।’প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে লক্ষ্মীপুরের রায়পুর-ঢাকা আঞ্চলিক সড়কের রাখালিয়া এলাকায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ও ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জনতা। এ সময় বিক্ষোভে যোগ দেয় শিক্ষার্থীরাও। এতে সড়কের দুই পাশে বাস, মিনিবাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জনতার তোপের মুখে পড়ে পুলিশ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিন ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয় জনতা।স্থানীয় পল্লী বিদ্যুতের কার্যালয় সূত্র জানায়, রায়পুর পৌর শহর ও ১০টি ইউনিয়নে প্রায় ২৩ হাজার গ্রাহক রয়েছে। রায়পুরে দৈনিক কমপক্ষে আট মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র এক থেকে দেড় মেগাওয়াট। এ জন্য বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়।জানতে চাইলে রায়পুর পল্লী বিদ্যুতের কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন বলেন, ‘সড়ক অবরোধের বিষয়টি শুনেছি। অবরোধকারীদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছি। নোয়াখালীর পিডিবি থেকে লোডশেডিং করলে আমাদের কিছু করার নেই।’