লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গতকাল বুধবার নাটোরের লালপুর বিদ্যুৎ উপকেন্দ্র ও কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভকারীরা অসহনীয় লোডশেডিংয়ের জন্য ওই কেন্দ্রে দায়িত্বরত উপমহাব্যবস্থাপক (জিডিএম) গোলাম মর্তুজাকে দায়ী করে তাঁর অপসারণ দাবি করেন।
কয়েকজন এলাকাবাসী বলেন, বেশ কিছুদিন ধরে লালপুর বিদ্যুৎ উপকেন্দ্রের আওতাধীন গ্রাহকেরা অসহনীয় লোডশেডিংয়ের কবলে পড়েছেন। গত তিন দিনে এর মাত্রা আরও বেড়েছে। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল বেলা ১১টার দিকে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েক শ বিদ্যুৎ গ্রাহক উপকেন্দ্রে আসেন। তাঁরা প্রায় দুই ঘণ্টা ধরে উপকেন্দ্রটি অবরুদ্ধ করে রাখেন। এ সময় উপকেন্দ্রের কর্মীরা গা ঢাকা দেন। কেন্দ্রের পাশের বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী অতিরিক্ত লোডশেডিংয়ের জন্য কেন্দ্রের দায়িত্বরত উপমহাব্যবস্থাপক গোলাম মর্তুজাকে দায়ী করেন। তাঁরা অভিযোগ করেন, এই কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে চাহিদার বিপরীতে প্রধান সরবরাহ লাইন থেকে বিদ্যুৎ সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন।
বিদ্যুৎ উপকেন্দ্রের কার্যালয় সূত্রে জানা যায়, উপকেন্দ্রে গত তিন দিনে সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ার) বিদ্যুতের গড় চাহিদা ছিল ১১ দশমিক ৫মেগাওয়াট। অথচ সরবরাহ ছিল মাত্র ৩ দশমিক ৫ মেগাওয়াট। আর অফপিক আওয়ারে গড় চাহিদা ছিল ৬ দশমিক ৫ মেগাওয়াট, সরবরাহ ছিল ৩ দশমিক ৫ মেগাওয়াট।
সূত্র জানায়, এই উপকেন্দ্রের অধীন একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে গত সাড়ে তিন বছরে গ্রাহকসংখ্যা বেড়েছে প্রায় ১৯ হাজার। সে তুলনায় উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বাড়েনি। চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতির বড় ব্যবধান থাকায় পরিস্থিতি নাজুক হয়েছে।
এলাকাবাসীর পক্ষে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট হলেও এই উপকেন্দ্রে বিদ্যুতের সরবরাহ অস্বাভাবিক কম। বিষয়টি উপকেন্দ্রের দায়িত্বরত উপমহাব্যবস্থাপক গোলাম মর্তুজা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন না। তাই তাঁকে সর্বপ্রথম অন্যত্র সরিয়ে নিতে হবে। তা না হলে পরিস্থিতির উন্নতি হবে না। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লালপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, ‘জাতীয় গ্রিড থেকে যতটুকু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, ঠিক ততটুকু বিদ্যুৎ আমি আমার উপকেন্দ্র থেকে সরবরাহ করছি। ব্যাপক ঘাটতি থাকায় লোডশেডিং করতে বাধ্য হচ্ছি। এ ব্যাপারে আমার কোনো অবহেলা বা অযোগ্যতা নাই। এলাকাবাসী না বুঝে আমাকে দোষারোপ করছেন।’