বিদ্যুতের দাবিতে কার্যালয় ভাঙচুর, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিং কমানোর দাবিতে গত বৃহস্পতিবার নোয়াখালীর চাটখিলে পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে হামলা চালানো হয় এবং চট্টগ্রামের চন্দনাইশ কার্যালয় ঘেরাও করা হয়। বিদ্যুৎ সরবরাহের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক অবরোধ ও কিশোরগঞ্জের ভৈরবে এলাকাবাসী মিছিল বের করে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: লোডশেডিং কমানোর দাবিতে গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের চাটখিল কার্যালয়ে হামলা চালানো হয়। স্বেচ্ছাসেবক লীগের চাটখিল কমিটির সভাপতি আহসান হাবিব ওরফে সমির কমিশনারের নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গোপাল চন্দ্র শীল ও পিয়ন রুহুল আমিন আহত হন। এ সময় ওই কার্যালয়ের তিনটি কক্ষের চেয়ার, টেবিল ও একটি কম্পিউটার ভাঙচুর করা হয়। চন্দনাইশ (চট্টগ্রাম): লোডশেডিং কমানোর দাবিতে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় এলাকাবাসী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর গাছবাড়িয়া কার্যালয় ঘেরাও করে। এ সময় ওই কার্যালয়ের মহাব্যবস্থাপক হাসান আহমদ মজুমদার আগামী তিন দিনের মধ্যে লোডশেডিং কমানোর আশ্বাস দেন। মৌলভীবাজার: বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার কুলাউড়া-ভাটেরা-সিলেট সড়কের নাছনি এলাকায় এলাকাবাসী সড়ক অবরোধ করে। গত বুধবার দিবাগত রাত আড়াইটায় বাপেক্সের একটি ট্যাংক লরির আঘাতে বিদ্যুৎ বিভাগের চারটি খুঁটি ভেঙে পড়ে। এতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ২৫০ জন বিদ্যুৎ-গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ না আসায় এলাকাবাসী সড়ক অবরোধ করে। ভৈরব (কিশোরগঞ্জ): উপজেলার শিবপুর ইউনিয়নের পলতাকান্দি, শিবপুর ও জামালপুর গ্রামের বাসিন্দারা নিজ নিজ গ্রামে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় দুর্বৃত্তরা পলতাকান্দি গ্রামের বিদ্যুতের একটি খুঁটিতে আগুন ধরিয়ে দেয়। এতে উল্লিখিত তিন গ্রামে গত তিন দিন বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে পারবে না বলে ওই তিন গ্রামের বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে।