বিদ্যুতের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ, ফরিদপুরে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে কুড়িগ্রামে গতকাল শনিবার গ্রাহকেরা রংপুর-কুড়িগ্রাম সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। একই দাবিতে গতকাল গ্রাহকেরা ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎ কার্যালয় ঘেরাও এবং শুক্রবার রাতে আলফাডাঙ্গা উপজেলা সদরে বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও নিজস্ব প্রতিবেদক-এর পাঠানো খবর:কুড়িগ্রাম: গতকাল সকাল ১০টার দিকে শত শত বিদ্যুৎ গ্রাহক কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার এলাকায় এসে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করে। অবরোধ চলার সময় কুড়িগ্রাম থেকে আসা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের একটি পিকআপ বাজার অতিক্রমকালে জনতা পিকআপটি আটক করে এবং পল্লী বিদ্যুতের লাইনম্যান নূর হোসেন, ড্রাইভার মনির হোসেন ও শ্রমিক মফিজলকে অবরোধ করে রাখে। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে ওই তিনজনকে উদ্ধার করে। পরে পুলিশের অনুরোধে জনতা অবরোধ তুলে নেয়। অবরোধ চলাকালে এক সমাবেশে বিদ্যুৎ গ্রাহকেরা ২৪ ঘণ্টার মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে আবারও সড়ক অবরোধের হুমকি দেয়।এদিকে গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ভাঙ্গায় দুই শতাধিক লোক বিদ্যুতের দাবিতে উপজেলা সদরে মিছিল বের করে। পরে তারা ভাঙ্গা কোর্টপাড়ে বিদ্যুৎকেন্দ্রের আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। বিক্ষোভকারীরা জানায়, ভাঙ্গায় লোডশেডিং ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে গড়ে চার ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এদিকে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে প্রায় ৩০০ বিক্ষোভকারী আলফাডাঙ্গা বাজার এলাকায় বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের দরজা, জানালা, আসবাবপত্র এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।