বিদ্যুতের দাবিতে কৃষকদের মিছিল
নোয়াখালীর সেনবাগে বিদ্যুতের দাবিতে গতকাল রোববার কৃষকেরা মিছিল, সমাবেশ করেছেন। একই দাবিতে জয়পুরহাটের কালাইয়ে গতকাল কৃষক ও হিমাগারের মালিকেরা মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন এবং রাজশাহীর নওহাটায় কৃষকেরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: বোরো খেতে সেচের জন্য পর্যাপ্ত বিদ্যুতের দাবিতে গতকাল রোববার কৃষকেরা রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ঘেরাও করেন। মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কৃষকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক এতে অংশ নেন। সকাল ১০টার দিকে কৃষকেরা উপজেলা চত্বরে অবস্থান নেন। পরে দুই শতাধিক কৃষক মোটরসাইকেলে করে ১৪ কিলোমিটার দূরে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় গিয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করেন। উপজেলার ভাইস চেয়ারম্যান আলী আজম মোল্লা বলেন, তাঁরা কয়েকজন প্রতিনিধি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সমিতির কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সমিতির কর্মকর্তারা মোহনপুর এলাকায় দিনে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। এ ব্যাপারে চেষ্টা করেও সমিতির মহাব্যবস্থাপক সারোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার শতাধিক কৃষক গতকাল সকাল ১০টার দিকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে এক সমাবেশে বক্তব্য দেন মো. হানিফ মিয়া ও জাফর আহম্মদ।বক্তৃতায় কৃষকেরা অভিযোগ করেন, সরকার বোরো চাষের সুবিধার্থে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দিলেও তাঁরা ওই ছয় ঘণ্টার মধ্যে দুই ঘণ্টাও বিদ্যুৎ পান না। এ ছাড়া দিনের অন্য সময়ও খুব একটা বিদ্যুৎ থাকে না। পরে কৃষকেরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি-সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেন।পল্লী বিদ্যুতের সেনবাগ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, তাঁরা প্রতিদিন প্রায় সাড়ে ১৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র চার মেগাওয়াট বিদ্যুৎ পান। ফলে লোডশেডিং করতে হয়।কালাই (জয়পুরহাট): বিদ্যুতের দাবিতে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালাই শহরে জয়পুরহাট-ঢাকা মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে কৃষক ও হিমাগারের মালিকেরা মানববন্ধন করেন। পরে কয়েক হাজার কৃষক ও হিমাগারের মালিক শহরে বিক্ষোভ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে সমাবেশ করেন।সমাবেশ বক্তারা অভিযোগ করেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যুৎ সরবরাহ-ব্যবস্থা ভেঙে পড়েছে। দিন-রাতে গড়ে চার ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না। এ অবস্থায় কৃষকেরা বোরো খেতে সেচ দিতে পারছেন না। বিদ্যুতের অভাবে এলাকার নয়টি হিমাগারের মেশিন প্রায় বন্ধ। সমাবেশে বক্তব্য দেন বিপ্লব কুমার ঘোষ, মনোয়ারুল ইসলাম, জয়ন্ত কুমার, মোজাফ্ফর রহমান ও নাসির উদ্দিন।জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক দেওয়ান আবু জাফর মো. সামছুদ্দিন বলেন, ‘সমিতির ৬ নম্বর সঞ্চালন লাইনটি বেশি বড় হওয়ায় অনেক সময় এটি চালু করা সম্ভব হয় না। ফলে কিছুটা বেশি লোডশেডিং করতে হয়। কালাই সদরে প্রস্তাবিত বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হলেই এ সমস্যার সমাধান সম্ভব হবে।’