বিদ্যুতের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিদ্যুৎ-সংকটে ভুক্তভোগী জনতার ব্যানারে গতকাল বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি শহরে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র–ছাত্রী, ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মংসাথোয়াই চৌধুরী, আবু দাউদ, জাহেদ আহম্মেদ, সাইফুদ্দিন মিঠু, অপু দত্ত, সনাথ চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ নিয়ে খাগড়াছড়ির মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ নির্ভর কোনো কাজ ঠিকমতো করা যাচ্ছে না। সমস্যা সমাধানে খাগড়াছড়িতে বিদ্যুতের গ্রিড সাবস্টেশন দ্রুত স্থাপন করার দাবি জানান তাঁরা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে খাগড়াছড়ি আদালত চত্বরে গিয়ে শেষ হয়। সেখান থেকে একটি প্রতিনিধিদল জেলা প্রাশসকের কার্যালয়ে যায়। তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠান।