বিদ্যুতের দাবিতে চুয়েটে মিছিল ভাঙচুর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা গত রোববার মধ্যরাতে মিছিল ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নতুন হলের সাধারণ কক্ষে বেশ কয়েকটি চেয়ারে আগুন দেন। বারবার আশ্বাস দেওয়ার পরও বিদ্যুতের সমস্যার সমাধান না করায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাঙচুর চালান বলে জানা গেছে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে চুয়েট ক্যাম্পাসে লোডশেডিং বেড়ে গেছে। এ সময় দিনে প্রায় ১০-১৫ বার বিদ্যুৎ যাওয়া-আসা করে। বিদ্যুৎ-বিভ্রাটের ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ-সংকটের কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৬ মে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩ দিনের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে। তখন প্রশাসন বিদ্যুৎ-সমস্যার সমাধানের আশ্বাস দেয়। কয়েক দিনের জন্য সমাধান হলেও আবার ঘন ঘন লোডশেডিংয়ের শিকার হন শিক্ষার্থীরা। ফলে রোববার শিক্ষার্থীরা বিদ্যুতের দাবিতে আবার বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সারা দেশের মতো চুয়েট ক্যাম্পাসেও বিদ্যুৎ-সংকটের প্রভাব পড়েছে। আমরা আন্তরিকভাবেই বিদ্যুৎ-সমস্যা সমাধানের চেষ্টা করছি।’