নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল রোববার প্রশাসনিক ভবন ঘেরাও, সড়ক অবরোধ এবং ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখেন। এ অবস্থায় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ১৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা এর আওতাভুক্ত নন।চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি। আশা করি, বন্ধের মধ্যেই আমরা বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারব।’ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে ক্যাম্পাসে বিদ্যুতের ভয়াবহ সংকট চলছে। কয়েক সপ্তাহ ধরে ক্যাম্পাসে দিনে-রাতে ১৫ ঘণ্টার ওপরে লোডশেডিং হচ্ছে। এ অবস্থায় গত শনিবার রাতে প্রথম বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাঁরা হলগুলোতে দফায় দফায় সমাবেশ করেন এবং মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। গতকাল সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সমস্যার সমাধানে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন এবং সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন। উপাচার্যের কাছ থেকে সমস্যা সমাধানের কোনো আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ বাধা দিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাঙ্গুনিয়াগামী একটি মাইক্রোবাস ও চুয়েট মেডিকেল সেন্টারে ভাঙচুর চালান।খোঁজ নিয়ে জানা গেছে, চুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০০৬ সালে ৮৬ লাখ টাকা ব্যয়ে তিনটি ১৫০ কেভিএ জেনারেটর কেনে কর্তৃপক্ষ। কিন্তু পরীক্ষামূলক অবস্থায় দুটি এবং এক বছর না যেতেই আরেকটি জেনারেটর নষ্ট হয়ে যায়। এ কারণে জেনারেটর ক্রয়ে তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বর্তমান প্রশাসন গত মার্চ মাসে চীন থেকে বিশেষজ্ঞ এনেও নষ্ট হওয়া জেনারেটরগুলো ঠিক করতে পারেনি। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েও কোনো পদক্ষেপ নেননি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।