বিদ্যুতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সেচ কুপন, সার ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে রাজশাহীর পবা ও গোদাগাড়ি উপজেলার কৃষকেরা গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন। এর আগে তাঁরা আদালত চত্বরে শহীদ মিনারের সামনে সমাবেশ করেন। কৃষকেরা সকাল সাড়ে ১০টার দিকে মিছিলসহ আদালত চত্বরের সামনে শহীদ মিনারের পাদদেশে সমবেত হন। পবার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী রক্ষা পরিষদের আহ্বায়ক মো. জামাত খান, পরিষদের উপদেষ্টা লিয়াকত আলী, পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বক্তারা কৃষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, অতিরিক্ত পরিমাণে ভূগর্ভস্থ পানি তোলার কারণে স্তর নিচে নেমে গেছে। এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না হলে বোরো মৌসুমে কৃষক আবাদ তুলতে পারবেন না। একই সঙ্গে তাঁরা সেচ কুপন, জ্বালানি তেল ও সারের দাম জরুরি ভিত্তিতে কমানোর দাবি জানান। তাঁরা পদ্মা নদী খনন ও গঙ্গা ব্যারেজ নির্মাণ করে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করে এ সমস্যা মোকাবিলা করার আহ্বান জানান।পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এতে বলা হয়, বর্তমানে প্রতিদিন চার-পাঁচ ঘণ্টা করে বিদ্যুৎ পাওয়া যায়। বাকি সময় বিদ্যুৎ না থাকায় কৃষকেরা জমিতে সেচ দিতে পারছেন না। এতে ফসল উৎপাদন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। জেলা প্রশাসক মুহম্মদ দিলোয়ার বখত জানান, তিনি স্মারকলিপি পেয়েছেন। কৃষকদের দাবির কথা উচ্চ মহলে জানাবেন।