বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্নী নামক স্থানে গতকাল মঙ্গলবার বিদ্যুতের দাবিতে এলাকাবাসী রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। বেলা ১১টা থেকে আড়াই ঘণ্টা অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে প্রায় ১৪ কিলোমিটার এলাকায় যানবাহন আটকা পড়ে। পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেপুর, মহেড়া, জামুর্কী ও ভাদগ্রাম ইউনিয়নের ১৫টি গ্রামের দুই হাজার মানুষ কুর্নী পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করতে আসে। কিন্তু কাউকে না পেয়ে তারা মহাসড়কে অবস্থান নেয়। বেলা একটার দিকে এএসপি মাহফুজুর রহমান প্রতিদিন নিয়মিত ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ও কুর্নী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এক লাইনম্যানকে অপসারণের ঘোষণা দিলে লোকজন অবরোধ তুলে নেয়।