বিদ্যুতের দাবিতে দাউদকান্দিতে অবরোধ, নিকলীতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে কিশোরগঞ্জের নিকলী ও কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। বারবার লোডশেডিং হওয়ায় নিকলীর বিদ্যুৎ গ্রাহকেরা গত রোববার ও গতকাল সোমবার উপজেলা শহরে মিছিল করেছেন। বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করার দাবিতে দাউদকান্দিতে গ্রাহকেরা গত রোববার সড়ক অবরোধ করেছেন।
বিদ্যুতের দাবিতে নিকলী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন মিয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করে। এ সময় বিদ্যুৎ গ্রাহকেরা ইউএনওর কার্যালয় ঘেরাও করেন। তিন মাস ধরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়নে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং হচ্ছে। নিকলী সদর ইউনিয়নের ষাইটদার গ্রামের কৃষক হেলাল উদ্দিন বলেন, তিন মাস ধরে উপজেলায় পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং চলছে। দিনে-রাতে ১৫ থেকে ২০ বার লোডশেডিং হচ্ছে। নিকলী সদর বাজার বণিক সমিতির সভাপতি তাহের আলী ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বলেন, লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির নিকলী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোপাল ঘোষ বলেন, ‘নিকলীতে বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। কিন্তু আমরা পাই ৫ মেগাওয়াট। এ কারণে লোডশেডিং হচ্ছে। তবে লোডশেডিং কমানোর চেষ্টা করা হচ্ছে।’
বিদ্যুতের দাবিতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে চাঁদগাঁও গ্রামের কয়েক শ লোক লাঠি হাতে গত রোববার রাত আটটা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-৩-এর আওতাধীন শহীদনগর উপকেন্দ্রের সামনে অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি ফাঁকা গুলি ছোড়ে।
চাঁদগাঁও গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চাঁদগাঁও গ্রামের ৫০ কেভির একটি ট্রান্সফরমার বিকল হয়। এ কারণে ওই গ্রামের ১২৫ জন গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানটি কুমিল্লা পবিস-৩-এর দাউদকান্দি উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) কার্যালয়ের আওতাধীন। বিষয়টি গ্রাহকেরা দাউদকান্দি কার্যালয়কে জানিয়েছেন। তাঁরা ট্রান্সফরমারটি মেরামতের জন্য ৫৩ হাজার ৯০০ টাকা এবং নতুন ট্রান্সফরমারের জন্য এক লাখ ৯৮ হাজার টাকা দিয়েছেন। টাকা জমা দেওয়ার আগে ওই কার্যালয়ের প্রকৌশলী হাবিবুর রহমান তাঁদের নতুনটি এক দিন পর এবং পুরোনোটি চার দিন পর স্থাপন করার কথা বলেছেন। কিন্তু টাকা জমা দেওয়ার পর ওই প্রকৌশলী তাঁদের বলেন, নতুন ট্রান্সফরমার স্থাপন করতে আরও কয়েক দিন সময় লাগবে। এতে গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছেন।
চাঁদগাঁও গ্রামের আবু বকর সিদ্দিক বলেন, এ এলাকায় বসতবাড়ি ছাড়াও একটি উচ্চবিদ্যালয়, দুটি মাদ্রাসা, একটি এতিমখানা, দুটি মসজিদ ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। টানা পাঁচ দিন বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রী ও গ্রামবাসী দুর্ভোগ পোহাচ্ছেন।
পবিসের দাউদকান্দি কার্যালয়ের ডিজিএম শাখাওয়াত হোসেন বলেন, ‘বিধি মোতাবেক আমরা ট্রান্সফরমার দ্রুত স্থাপন করার চেষ্টা করছি। এ নিয়ে আন্দোলন ও মহাসড়ক অবরোধ করার কিছুই নেই।’