বিদ্যুতের দাবিতে দাগনভূঁঞায় উপকেন্দ্রে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঁঞা উপজেলা সদরে গত সোমবার বিদ্যুতের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়রের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর আশ্বাসে তিন ঘণ্টা পরে তালা খুলে দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল নয়টার দিকে দাগনভূঁঞা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার মেয়র মো. ওমর ফারুক খান এবং দাগনভূঁঞা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল হুদা ইস্কান্দারের নেতৃত্বে কয়েক শত বিদ্যুৎ গ্রাহক মিছিলসহ উপজেলা সদরে অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয়। গ্রাহকদের অভিযোগ, গত কিছুদিন ধরে দাগনভূঁঞা উপজেলার গ্রাহকেরা দৈনিক গড়ে চার-পাঁচ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেন না। অথচ পার্শ্ববর্তী নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রাহকেরা একই উপ-কেন্দ্র থেকে অনেক বেশি সময় ধরে বিদ্যুৎ পাচ্ছেন। সূত্র জানায়, দুপুরে দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবিরসহ গ্রহকেরা ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির দাগনভূঁঞা আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মাহফুজুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন।সূত্র আরও জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর দাগনভূঁঞা ও কোম্পানীগঞ্জে প্রতি দেড় ঘণ্টা পর সমতার ভিত্তিতে লোডশেডিং করার আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।