বিদ্যুতের দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ
বিদ্যুতের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ গ্রাহকেরা। গতকাল শনিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এই অবরোধ চলে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে।গ্রাহকদের অভিযোগ, সরকারিভাবে রমজানে সেহির ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলা হলেও বাস্তবে তার দেখা মিলছে না। দিন-রাত সমান তালে চলছে লোডশেডিং। এতে রমজানে মানুষের ভোগান্তি আরও বেড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজারের আশপাশের এলাকার শত শত ক্ষুব্ধ গ্রাহক বাজারে জড়ো হতে থাকে। এরপর বেলা ১১টার দিকে ক্ষুব্ধ গ্রাহকেরা নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের ওপর বড় বড় গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলেও অবরোধ প্রত্যাহারে তাঁরা ব্যর্থ হন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইকবাল হোসেন সেখানে গিয়ে ক্ষুব্ধ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিতে সম্মত হয়। বেলা একটার পর আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়।সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. আলী হোসেন অবরোধের কথা নিশ্চিত করে জানান, থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সবুজ কান্তি আচার্য বলেন, যে লাইনটির লোডশেডিংয়ের জন্য সড়ক অবরোধ করা হয়েছে, সেটি চালু রাখতে সার্বক্ষণিক তাঁদের ছয় মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। কিন্তু জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত লোড বরাদ্দ না পাওয়ায় লোডশেডিং দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না।