বিদ্যুতের দাবিতে পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ লোকজন। একটি ট্রান্সফরমার নষ্টের কারণে তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় গ্রাহকেরা গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহনসহ যাত্রী আটকা পড়ে। খবর পেয়ে পঞ্চগড় থানার ওসি মো. জমির উদ্দিনসহ একদল পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শহরের ধাক্কামারা এলাকার একটি ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় গত রোববার থেকে ধাক্কামারা এলাকায় সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে এলাকার হাজারেরও বেশি পরিবারসহ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ভোগের সৃষ্টি হয়। এলাকার কয়েকজন অভিযোগ করেন, বারবার বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে লোকজন। পঞ্চগড় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. তাজুল ইসলাম বলেন, ওই এলাকার একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের চেষ্টা চলছে। বুধবারের মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন করা সম্ভব হবে।