বিদ্যুতের দাবিতে প্রকৌশলীর গাড়িতে হামলা, আহত ৫
লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী বাজারে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিসের এক সহকারী প্রকৌশলীর গাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন গ্রাহকেরা৷ এ সময় তিনি ছাড়াও চারজন সামান্য আহত হন৷ গত সোমবার রাতে হামলার এ ঘটনা ঘটে৷
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী রাজা ঘোষ, সহকারী জেনারেল ম্যানেজার শাখাওয়াত উল্যা মিয়া (অর্থ) ও গোলাম সরোয়ার (সদস্য-সেবা) গাড়িতে করে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ওই বাজারের ওপর দিয়ে যাচ্ছিলেন৷ এ সময় বিদ্যুতের দাবিতে এলাকাবাসী মিছিল বের করে এবং বিদ্যুৎ কর্মকর্তাদের বহনকারী ওই গাড়িতে হামলা-ভাঙচুর চালায়৷
হামলা-ভাঙচুরের সময় রাজা ঘোষ, শাখাওয়াত উল্যা, গোলাম সরোয়ার, গাড়ির চালক ও স্থানীয় এক ব্যক্তি আহত হন৷ একপর্যায়ে তিন কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী৷ পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে৷ কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, দিনে ২৪ ঘণ্টার মধ্যে এলাকায় বিদ্যুৎ থাকে মাত্র চার-পাঁচ ঘণ্টা৷ ঘন ঘন লোডশেডিংয়ে ছেলেমেয়েদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে৷ তা ছাড়া বিশ্বকাপের খেলাও দেখা যাচ্ছে না৷
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবুলাল বসু বলেন, হামলার ঘটনায় গতকাল বিকেলে শাখাওয়াত উল্যা মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসািম করে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা করেছেন৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷