বিদ্যুতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
টাঙ্গাইলের সখীপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গ্রামবাসী। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বড়চওনা গ্রামের বেলতলী এলাকায় সখীপুর-সাগরদিঘী সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কয়েকজন বিক্ষোভকারী জানান, চার দিন ধরে উপজেলার বড়চওনা এলাকার জামালহাটকুড়া, বেলতলী, যশীহাটিপাড়া, চাম্বলতলা, মাচিয়া সোনাতলা, ধলীপাড়া ও পাগলার মোড় এলাকায় বিদ্যুৎ না থাকায় পানির অভাবে ইরি-বোরো ফসল নষ্ট হচ্ছে। একই সঙ্গে জমি ফেটে যাওয়া, পোলট্রি খামারে মুরগির বাচ্চা মরে যাওয়াসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। ফ্রিজ ও ফ্যান না চলায় চরম দুর্ভোগেরও শিকার হচ্ছেন এখানকার লোকজন। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ সকাল ১০টার দিকে তাঁরা সবাই মিলে বিক্ষোভ করেছেন। পরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রফিকুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার ও ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বেলতলী এলাকার কৃষক আবদুল বাছেদ মিয়া সাংবাদিকদের বলেন, চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় পানির অভাবে ও প্রখর রোদে ইরি ধান মরে যাচ্ছে।
পোলট্রি ব্যবসায়ী চান মিয়া বলেন, ‘আমার খামারে আট হাজার মুরগির বাচ্চা। বিদ্যুৎ না থাকায় পাখা ঘোরে না। ফলে এক সপ্তাহে হাজারখানেক মুরগির বাচ্চা মরে গেছে।’
আজ বেলা তিনটার দিকে যোগাযোগ করা হলে কালিয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ হোসেন বলেন, আশ্বাসের পর ওই সব এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ আসলেও পরে চলে যায়।
এ সমস্যার ব্যাপারে জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) শাহাদাত আলী ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।