বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল বুধবার বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দেন তাঁরা। দুই ঘণ্টা পর এটি চালু করতে দেওয়া হয়। এ সময় জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার ২২ হাজার গ্রাহক দুর্ভোগের শিকার হন। ব্রাহ্মণপাড়ার টাকুই গ্রামের আবদুল মতিন, হুমায়ুন কবীর ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেন জানান, ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য এলাকাবাসী টাকুই গ্রামে স্বপ্লমূল্যে জায়গা দেন। উপকেন্দ্র স্থাপন করা হলে এলাকাবাসীকে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন জনপ্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে এ দাবি উপেক্ষিত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ছাড়া গ্রামের বিভিন্ন ট্রান্সফরমার মেরামত না করা ও মিটার না দেওয়াসহ বিভিন্ন সমস্যা ছিল। এ নিয়ে এলাকাবাসী বিদ্যুৎ উপকেন্দ্র ঘেরাওয়ের কর্মসূচি দেন। মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে এখানে উপস্থিত হতে বলা হয়। এই আহ্বানে সাড়া দিয়ে কয়েক শ গ্রামবাসী বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় জড়ো হন। তাঁরা বিক্ষোভ করে উপকেন্দ্রে কর্মরত লাইনম্যান রেজাউল করিমকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার জন্য চাপ দেন। চাপের মুখে তিনি সকাল ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ২২ হাজার গ্রাহক ভোগান্তির শিকার হন। খবর পেয়ে পুলিশ এবং পল্লী বিদ্যুতের প্রকৌশলী হোসাইন মো. রায়হান ও মাজেদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা এলাকাবাসীকে শান্ত করে দুপুর ১২টার দিকে উপকেন্দ্রটি চালু করেন। পল্লী বিদ্যুতের ব্রাহ্মণপাড়া কার্যালয়ের ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনতা লিখিত অভিযোগ দিলে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।