বিদ্যুতের দাবিতে বিক্ষোভ, ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও সড়কে গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করেছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুতের সমস্যা সমাধানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনও ঘেরাও করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার বিকেলে ফতুল্লার কুতুবআইল এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারকে মালবাহী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সেটি বিকল হয়ে যায়। এলাকার লোকজন বিষয়টি বিদ্যুৎ কার্যালয়ে জানান। তাঁরা ট্রান্সফরমার মেরামতের জন্য এলাকাবাসীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় ট্রান্সফরমার মেরামত করতে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে বলে জানিয়ে দেন। কিন্তু এলাকাবাসী ওই টাকা দেওয়া সম্ভব নয় জানালে তাঁরা ট্রান্সফরমার মেরামত করতে টালবাহানা শুরু করেন। এতে কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েন।
অবশেষে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এলাকাবাসী রাস্তায় নেমে পড়েন। তাঁরা পোস্ট অফিস-হাজীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় ওই সড়ক দিয়ে বিদ্যুৎ কার্যালয়ের লোকজন গেলে তাঁদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করেন।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউএনওর বাসভবন ঘেরাও করেন। এরপর ইউএনও বিদ্যুৎ কার্যালয়ে মুঠোফোনে কথা বলে দ্রুত ট্রান্সফরমার মেরামতের আশ্বাস দিলে লোকজন শান্ত হন। দুপুর ১২টার দিকে ইউএনওর হস্তক্ষেপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।