নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত উপজেলা সদরের ওছখালী বাজারের মোড়ে প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। উদ্ভূত পরিস্থিতিতে হাতিয়া বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ও কার্যালয়ে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
গ্রাহকদের অভিযোগ, গত বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পাচ্ছেন না তাঁরা। দুর্বিষহ হয়ে ওঠেছে জনজীবন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) হাতিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কিছু এলাকার মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। গ্রাহক সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ জন। স্থানীয় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে নতুন ও পুরোনো মিলিয়ে পাঁচটি জেনারেটর থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে গ্রাহকদের সেবা দেওয়া হয়। এর মধ্যে একটি জেনারেটর আগে থেকে বিকল হয়ে পড়ে আছে। বাকি চারটির মধ্যে দুটি জেনারেটরের একটি ৬ সেপ্টেম্বর, আরেকটি ১১ সেপ্টেম্বর অচল হয়ে যায়। আরেকটি জেনারেটর গত বুধবার সন্ধ্যায় পুড়ে যায়। বর্তমানে সচল আছে একটি জেনারেটর। এটির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। ফলে উপজেলা সদরের ওছখালী বাজারসহ সব এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকেরা। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওছখালী বাজারের মোড়ে প্রধান সড়কের ওপর জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন কয়েক শ গ্রাহক। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা বিদ্যুতের দাবিতে নানা স্লোগান দেন। এ সময় বক্তব্য দেন গ্রাহক ফজলে আজিম, ফাহিম উদ্দিন, খোন্দকার আবু ছায়েদ প্রমুখ।
খবর পেয়ে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক ঘটনাস্থলে যান। তিনি বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভকারীরা শান্ত হন। প্রায় এক ঘণ্টা পর সড়ক সচল হয়।
বিউবোর হাতিয়ার আবাসিক প্রকৌশলী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ উৎপাদনের বেহাল অবস্থা ইতিমধ্যে বিউবোর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি অচল জেনারেটর সচল করার চেষ্টা চলছে।