বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, কার্যালয়ে হামলা-ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গতকাল সোমবার বিদ্যুতের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন। একই দাবিতে গত রোববার বরিশালের উজিরপুরে গ্রাহকেরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়েছেন। এতে প্রকৌশলীসহ ২৫ জন আহত হন। একই দিন রাজশাহীর তানোরে কৃষকেরা বিদ্যুতের কার্যালয় ঘেরাও করেন। জয়পুরহাটে বেসরকারি কলেজের শিক্ষকেরা গতকাল মানববন্ধন করেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চন্দ্রঘোনা লিচুবাগান ও দোভাষি বাজারের সহস্রাধিক ব্যবসায়ী গতকাল সকাল আটটায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ব্যবসায়ীরা এ সময় চন্দ্রঘোনা লিচুবাগান বাসস্টেশন চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। দুপুর একটায় ব্যবসায়ীরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়। অবরোধের সময় চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে এক সভা হয়। সভায় ব্যবসায়ীরা অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। বরিশাল: গ্রাহকেরা গত রোববার সকালে ঝাড়ু ও লাঠিসোটা নিয়ে উজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা চালায়। বিষয়টি জানতে পেরে পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ের প্রকৌশলী লুত্ফর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে গ্রাহকেরা ইউএনওর কার্যালয়ে যায়। ইউএনও ওই প্রকৌশলীকে নিয়ে গাড়িতে করে উপজেলা পরিষদ ত্যাগ করার সময় গ্রাহকেরা ওই গাড়ি থেকে প্রকৌশলী লুত্ফর রহমানকে ছিনিয়ে নিয়ে মারধর করে। এ সময় হামলায় ২৫ জন আহত হন। রাজশাহী: কৃষকেরা বিদ্যুতের দাবিতে রোববার তানোর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তাঁরা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও দিয়েছেন। বেলা ১১টায় আয়োজিত সমাবেশে কামারগাঁ এলাকার কৃষক আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন, আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন। জয়পুরহাট: ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে জয়পুরহাট বেসরকারি কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে গতকাল মানববন্ধন হয়। মানববন্ধন শেষে সমিতির সভাপতি ওয়াজেদ পারভেজ, আলী আহসান মুক্তা, পলাশ প্রমুখ বক্তব্য দেন। পরে তাঁরা জয়পুরহাট জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিশের কাছে বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্মারকলিপি পেশ করেন।