বিদ্যুতের দাবিতে ব্যবসায়ীদের ঝাড়ু মিছিল
বিদ্যুতের দাবিতে ফরিদপুরের চরভদ্রাসনে ঝাড়ু ও সেন্ডেল নিয়ে মিছিল করেছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলা সদরের বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পল্লী বিদ্যুতের কার্যালয় ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
বাজারের ব্যবসায়ী ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে টানা চার-পাঁচ ঘণ্টা করে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা এ মিছিল বের করেছেন।
বাজারের ব্যবসায়ী মো. সুমন বলেন, ‘বিদ্যুতের দাবিতে মিছিল বের করলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দিয়ে দেয়, আবার দু-একদিন পরই বিদ্যুৎ সরবরাহে গাফিলতি শুরু করে। সব মিলিয়ে আমরা চরম সংকটে রয়েছি।’
ফরিদপুর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক রাম শংকর¦রায় বলেন, সারা জেলার বিদ্যুতের যে অবস্থা, চরভদ্রাসনেও একই অবস্থা। জেলার দৈনিক চাহিদা ৩৫-৩৬ মেগাওয়াট কিন্তু আমরা বরাদ্দ পাচ্ছি মাত্র ১০ মেগাওয়াট। তাই বাধ্য হয়ে ফরিদপুর শহরসহ সব উপজেলাতেই লোডশেডিং করতে হচ্ছে। চরভদ্রাসনও এর বাইরে নয়।