বিদ্যুতের দাবিতে ভালুকায় আবার সড়ক অবরোধ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এর আগে গত বৃহস্পতি ও গত মঙ্গলবার একই দাবিতে ভালুকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার সিডস্টোরসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে। লোডশেডিং বন্ধের দাবিতে সিডস্টোর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। মঙ্গলবার বিদ্যুতের দাবিতে উপজেলার বাটাজোর বাজারের পোলট্রি খামারের মালিকেরা বিক্ষোভ করেন। একই দাবিতে গতকাল বিকেলে সিডস্টোর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।ভালুকা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।