বিদ্যুতের দাবিতে মাওনা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও
২৪ ঘণ্টা বিরামহীন বিদ্যুৎ সরবরাহ, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় সামিট পাওয়ারে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় চাহিদা পূরণ না করে বাইরে সরবরাহ বন্ধ করার দাবিতে গতকাল বুধবার এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। দুপুর সাড়ে ১২টা থেকে এই কর্মসূচি পালন করা হয়।এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন। বেলা পৌনে দুইটার দিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক আবুল বাসার মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলমের মধ্যস্থতায় প্রতিদিন ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।বিক্ষোভকারীরা বলেন, মাওনা এলাকায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের অর্ধেক গাজীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের গ্রিডে সরবরাহ করা হয়। উপমহাব্যবস্থাপক আবুল বাসার বলেন, মাওনায় সামিট পাওয়ারে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।