বিদ্যুতের দাবিতে মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বিদ্যুতের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্নীতে গতকাল শুক্রবার বিক্ষুব্ধ লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলাকালীন মহাসড়কের ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলায় এক সপ্তাহ ধরে ভয়াবহ লোডশেডিং চলছে। এতে অতিষ্ঠ হয়ে উপজেলার জামুর্কী, ফতেপুর, মহেড়া ও ভাদগ্রাম ইউনিয়নের সহস্রাধিক লোক গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কুর্নী পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করতে যায়। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দরজা বন্ধ করে পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ে কাউকে না পেয়ে বেলা ১১টার দিকে কুর্নীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। তারা রাস্তায় বিভিন্ন ধরনের মালামাল বোঝাই বস্তা ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত রেহানা ও টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা মহাসড়কের এক পাশে অবস্থান নেয়। এ সময় মাহফুজুর রহমান আগামী সোমবারের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে লোডশেডিং কমানো ও নিয়মমাফিক লোডশেডিং করানোর উদ্যোগ নেবেন বলে ঘোষণা দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে।