বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ
লক্ষ্মীপুর সদর উপজেলার যাদিয়া এলাকায় গতকাল রোববার বিদ্যুতের দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ওই স্থানে তাঁরা কাঠের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস, লোকাল মিনিবাসসহ সব ধরনের যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।এলাকাবাসী গতকাল জানান, সদর উপজেলার মোহাম্মদনগর, সমাসপুর, উত্তর দুর্গাপুর, যাদিয়া, ভাংগাখাঁ ও রতনপুরে তিন দিন ধরে বিদ্যুৎ নেই। এতে এসব এলাকার মানুষ চরম কষ্টে আছেন। বিশেষ করে, এইচএসসি পরীক্ষার্থীরা বিদ্যুতের অভাবে ঠিকমতো লেখাপড়া করতে পারছে না।কয়েকজন বিক্ষোভকারী জানান, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে দিনে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাই তাঁরা অবরোধ তুলে নিয়েছেন।লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শিবু লাল বসু বলেন, ‘বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয়েছে। এ এলাকায় সাধ্যমতো বিদ্যুৎ সরবরাহ করব। আমাদের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছেন।’