বিদ্যুতের দাবিতে সখীপুরে সড়ক অবরোধ
বিদ্যুতের দাবিতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১০টি গ্রামের কয়েক হাজার গ্রাহক গতকাল সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকেরা ঢাকা-সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা বাজারে টায়ার জ্বালিয়ে চার ঘণ্টা অবরোধ করে রাখেন।গতকাল ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি চলে। এতে উপজেলার বড়চওনা, কুতুবপুর, শ্রীপুর, শুকনারসিট, নামদারপুর, চাম্বলতলা, চটানপাড়া, দাড়িপাকা, বেলতলী ও ধলীপাড়া গ্রামের কয়েক হাজার লোক অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি বোরো মৌসুমের শুরুতেই তারা ২৪ ঘণ্টার মধ্যে দুই ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না। বিদ্যুৎ গ্রাহক আবদুল হালিম সরকার বলেন, ‘আমরা দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে মাত্র দুই ঘণ্টা বিদ্যুৎ পাই। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে বোরো চাষ চরমভাবে ব্যাহত হবে।’ বেলতলী গ্রামের কৃষক হাসমত আলী বলেন, ‘বোরো চাষ করতে না পারলে আমাদের সংসার চলবে কীভাবে?’ সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন পিপিএম ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। সখীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ধারাবাহিকভাবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।