বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। ক্ষুব্ধ জনতা রামগঞ্জ-নোয়াখালী-চট্টগ্রাম অাঞ্চলিক সড়কের আলীপুর এলাকায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ও ইট ফেলে এসব কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক অবরোধের পাশাপাশি একই দািবতে ওই এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন। বাজারের ব্যবসায়ীরাও দোকান বন্ধ করে মিছিলে যোগ দেন। এ সময় রাস্তার দুই পাশে দূরপাল্লার যাত্রীবাহী বাস, মিনিবাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাসহ যানবাহন আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগের শিকার হন। পরে পুলিশের অনুরোধে দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
হারুনুর রশিদ নামের এক গ্রাহক জানান, রামগঞ্জবাসী বিদ্যুতের বৈষম্যের শিকার। লক্ষ্মীপুর সদরসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে রামগঞ্জের মতো লোডশেডিং হয় না। এখানে দিনে ১২ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না।
রামগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বেলায়েত হোসেন জানান, পিডিবি থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার কারণে এ লোডশেডিং হচ্ছে৷ থানার এসআই শামছুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করে অবরোধ প্রত্যাহার করে।