বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের বড়চওনা বাজারে ১৮ দিন ধরে বিদ্যুৎ না থাকার প্রতিবাদে এবং পাঁচটি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সাগরদীঘি-ঢাকা সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার উপজেলার বড়চওনা বাজারে এলাকাবাসী সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টা ইট, বেঞ্চ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে শতাধিক বাস-ট্রাকসহ নানা ধরনের যানবাহন আটকে ছিল। পরে দুপুর ১২টার দিকে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করে বিদ্যুতের আশ্বাস দিলে বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
বড়চওনা এলাকায় গিয়ে জানা যায়, গত ২০ জুন বড়চওনা বাজারে বিদ্যুতের ট্রান্সফরমারটি বিকল হলে বাজারের হাজার খানেক গ্রাহক বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত রয়েছেন। এ ছাড়া বড়চওনা, বেলতলী, কালিয়া, কুতুবপুর ও বিন্যা খাইরা এলাকার মানুষ বিদ্যুৎ পেলেও তারা দিনে-রাতে মাত্র তিন-চার ঘণ্টা বিদ্যুৎ পেয়ে থাকে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সখীপুরের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বড়চওনায় বিদ্যুতের ট্রান্সফরমারটি আজকালের মধ্যেই মেরামত করা হবে।’